Sunday, 14 January 2024

বর্ণালী ভুঁইয়া এর কবিতা // ই-কোরাস ১৬৩

 



বর্ণালী ভুঁইয়া এর কবিতা 

গুহার ভেতর


কোথাও কোনো খাদ নেই

পাহাড়ে রেখে এসো আর্তনাদ

কচুরিপানার সংসারে পাখিরা চুপিচুপি রেখে যাবে বুকের ওপর শ্বাস


আমি হেঁটে যাবো গুহার ভেতর

বাতাস নিয়ে এসো, অল্প আগুন এনো


প্রহর শেষে বারান্দা বাগানের আজ সপ্তম দিন উদযাপিত হবে।



নগন্য নারী


আজ রাতে জানি কোনো গল্প হবে না মুখোমুখি

একসঙ্গে ওয়েব সিরিজ দেখার ইচ্ছেও নেই তোমার

অথচ জানালার রেলিং ধরে বসে পড়বে চাঁদের তত্ত্বকথা লিখতে

যেখানে সাধারণ খাদের কিনারার

সঙ্গে আলোর উৎস সহজেই চোখে পড়ে

অন্ধকারের ভয় নেই বললেই চলে।


তোমার ফেরার অপেক্ষায় থেকে পোষা বিড়ালেরও খিদে পায়

আহারের খোঁজে বেরিয়ে পড়ে ধান চালের গুদামে, সামনের পড়ে থাকা জঞ্জালের ভেতর

তারপর ঘুমিয়ে পড়ে খাটের এক কোণায়।


আমি কেবল অভিমানের বাষ্পে নিজেকে আবিষ্কার করি নগন্য নারী হিসেবে…



চাঁদের ভেতর


ছেলেটি কাগজ কুড়োতে কুড়োতে কখন কবি হয়ে গেল নিদারুন অবহেলায়

ঘাস-পাতার ভেতরে সযত্নে রেখে দিয়েছিল ফেলে আসা দিনযাপনের গল্প।

একদিন হঠাৎ দেখা হওয়ার সুবাদে মুখোমুখি কিছু অব্যক্ত কথা আর নীল রঙের শাড়ি হাতে দিয়ে ফিরে গেল অন্য ঠিকানায়।


আমি এখন চাঁদের ভেতর পৃথিবী খুঁজি

আর মাটির গভীরে আশ্রয় দিই ঈশ্বরের আরাধনাকে…



জন্মের সংখ্যা


রাস্তার মধ্যে হেঁটে গেল একটা কালো বিড়াল

সবাই ভাবছে মৃত্যু রাত্রি

বা আলো দূষণ

মাঝ বরাবর থামিয়ে দিচ্ছে নিজেকে

চলমান পৃথিবীর তাড়া নেই।


সংস্কার খোঁজো আলপথে


আমি কেবল হেঁটো পথ ধরে এগোতে থাকলাম

জন্মের সংখ্যা গুনে রাখিনি কখনো।



সংকেত


ফিরে এসো

সাজিয়ে নাও নিজের বিছানা

কোন শব্দ করো না

পাখিরা জেগে যাবে

ভরা পৌষে তুমি রোদ মেখে বেরিয়ে

 পড়ো চাঁদের আলো খুঁজতে

আমি ঘরের ভেতর লুকিয়ে রাখবো উপবাসী সংকেত,

একাদশীর ব্রতে  থাক সাগু, মুগের ডাল 


 ঘ্রাণ নেবো মাটি গন্ধের।

                ………………. 


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪

Sunday, 7 January 2024

বর্ণালী ভুঁইয়া এর কবিতা // ই-কোরাস ১৬২

 




বর্ণালী ভুঁইয়া এর কবিতা 

নদী বৈতরণী


ঘুমে আচ্ছন্ন উর্বর মাটি, তুমিও এঁকে নাও তিলক

স্বপ্নের ভেতর রোদ বাড়ে

আরো ঘুমোতে দাও

পরজন্মের মোহ সঞ্চয় করি

শান্তি স্ত্রোতবাক্য,শূন্যতায় নরম নদী বৈতরণী

ঈশ্বর শূন্য সিংহাসনে

কর্পূর উবে যায় মন্দিরের চুড়োয়,

অসুখের নাম হয় শ্বাস

তবুও সঞ্চয় করি আয়ু, রাজপথে হেঁটে যাবো 


যৌবনের রং লাল হোক

মৃত্যু মিলে যায় ছায়া শরীরে

রাতের শূন্যতায় নক্ষত্রদের ভিড়ে ভোরের অপেক্ষা করি পায়রাদের গান শুনবো বলে।

  

    

শোক আর সুখ

১

হৃৎপিন্ড ভাঙছে

অস্থির আলোকচিত্র

রাত জেগে বিলাপনপত্র লিখে

তুমিও গৃহত্যাগী হও

গেরুয়া পোশাকে আকাশ উজ্জ্বল।


২

বোবা হতে হতে

লিখে নেওয়া উপন্যাস

অশ্রুর নীচে নীলচে মেঘ

আমি লাল ভীষণ ভালোবাসি।


৩

আকাশ এখনো কালো

বাংলার বধূ,

আধভাঙা নাভি

তবুও ভালো জিন্স টি-শার্ট


৪

ভোর হোক

সাজানো বিছানা পড়ে থাক

মধ্যবিত্ত অসুখ

প্রাতঃভ্রমন ফেরা পথ

হেঁটে চলে শোক আর সুখ.......



স্বাদ অবক্ষয়ের


স্নান সেরে নাও

গরম ভাত রাখা আছে হাড়ির ভেতর

আমি পুজোর ফুল তুলে আসি

আগুন মেখেছি দুহাতে।


আমাদের রাত ঘুম নেই,জড়তা নেই

ভোর আছে,অলস প্রেম নেই

কুয়াশার আলোয় পাখি আছে

ক্ষুধার্থ শিশুর চোখে লাল রং, বহমান পৃথিবী।

মৃত পশুর শোক 

শোকের ভেতর অন্ধকার


দু'টুকরো জীবন

স্বাদ অবক্ষয়ের

ঘাসেদের মাটি চোষা,রক্তক্ষরণ,

অন্যদিকে 

শক্ত কাঠের বিছানায় ভেসে বেড়ানো,

মধ্যাকর্ষণ টান, নদীর তীরে আলো রেখে

 সূর্য ছোট হয়ে আসে।

শূন্যের ভেতর সবকিছু অলৌকিক

জন্ম ক্ষণস্থায়ী 

মৃত্যুর ভেতর বদলে যায় গোছানো চুলের খোঁপা।



আমার জন্য


আকাশের রঙ কালো

জড়ানো আবেগ,

 অনায়াসেই উপহার দিতে পারো নরম চাদর

আমার সোয়েটার বোনার ক্রুস হারিয়ে গেছে।


বাঘ-হরিণের যুদ্ধে কে জেতে?

 ঘন কুয়াশায় জঙ্গলে নাইবা গেলে

আমার জন্য একটা টাটকা করবি আনতেই পারো,

গাছেদের সখ্যতা জমানোর মাটি আমার কাছে নেই।


চোখের দূরত্ব হৈমন্তিক রাতে কতদূর আর যাবে

পোড়ো বাড়ির দেওয়ালে লুকিয়ে না থেকে আর একবার ফিরে এসো রাস্তা বরাবর, 


দিনের আলোয় আমি সূর্যের দিকে তাকাতে পারিনা।



নদী হয়ে গেছে


আমাকে চোখের সামনে ঘাস হতে দেখেছো

অথচ তোমার হাতে ধারালো অস্ত্র নেই

বোবা কান্নায় তুমি যতবার গলা চেপে ধরেছ

আমি মৃত্যুর রাস্তা বার বার ছুঁয়ে ফিরেছি।


তুমি মাটির ইতিহাস ভেঙেছ 

পায়ের কাছে রেখে গেছো শক্ত কাঠের খড়ম

আমি অশ্রুকে ছুঁয়ে দেখেছি

কপালে জ্বরের দাগ 

মুখে দগদগে ঘা।


মেঘ হয়ে একবার মাটির কাছাকাছি এসে দেখো সব বৃষ্টি কেমন নরম নদী হয়ে গেছে।

                ………………….. 


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪

Sunday, 31 December 2023

পশ্চিম মেদিনীপুর জেলার বন্ধ সিনেমাহলের কথা // ই-কোরাস ১২

 



পশ্চিম মেদিনীপুর জেলার বন্ধ সিনেমাহলের কথা ১২

মতি সিনেমা--ঘাটাল  

শ্রীজিৎ জানা


শিলাবতী এখানে উত্তর বাহিনী। শাস্ত্র উবাচ উত্তরবাহী নদী নাকি পূণ্যতোয়া। পৌষ সংক্রান্তিতে এখানকাার বাঁধানো নদীঘাটে  মকরডুব দিতে আসতেই পারেন। তিন ডুবকিতে পূণ্যফল পেতেই পারেন। তার আগে আসুন,সীসানাটা স্পষ্ট করে দিই। এখানে বলতে রসিকগঞ্জ– নিমতলা থেকে পোস্তাবাজার অব্দি। রূপনারায়ন উজিয়ে আসা জোয়ারের জলে ভরা থাকে সারাবছর। শহরের ঘরবাড়ি ডিঙিয়ে ওই যে রোদ্দুর ফিরে যাচ্ছে তার বাড়ি, আর ছড়িয়ে দিয়ে যাচ্ছে শেষবেলার কুমড়োফুল রঙ। শিলাবতীর তিরতিরে ঢেউয়ে সেই রঙ মিশে যেন চোখে ঝিলমিল লাগিয়ে দেয়। আহারে শিলাবতী! তার পুব-পশ্চিবম দুই পাড়ে এখন ঘিঞ্জি দোকানপাট। মৃদু ঢেউ ভেঙে সারি সারি কাঁচা বাঁশের ভেলা ভেসে যাচ্ছে মহনগরের দিকে। বুকের উপরে বিদ্যাসগর সেতু আর শতবর্ষ প্রাচীন পোনটুন ব্রিজ যাকে ভাসাপোল নামেই চেনে সকলে। ছোট্ট শহরটার অনেক প্রাচীন ঐতিহ্যের মধ্যে ভাসাপুল অনন্য।

কিন্তু কথা তো সিনেমাহল নিয়ে। গৌরচন্দ্রিকা আরো কত লম্বা করিবে হে বাপু! আরে মশাই যেই সিনেমাহলের হালহকিকত জানাবো, তার অকুস্থলে যেতে হলে ভাসাপুল পেরিয়ে কুঠিবাজারে ঢুকতে হবে। পছন্দ না হলে বিদ্যাসাগর ব্রিজ পেরিয়ে, বর্তমান সেন্ট্রাল বাসস্ট্যান্ড ছুঁয়ে ডাইনে মোড় নিয়ে সোজা উত্তরে কদম কদম বাড়ায়ে যা..। তবে এপথে তখনি যাবেন যখন আপনি পুব কিংবা দক্ষিণের লোক হন। পশ্চিম দিক থেকে আসলে, উত্তর থেকে আসলে তার নির্দেশ আলাদা। কিন্তু কোথায় যাবেন? সিনেমাহল। কোন সিনেমাহল? কেন, মতি সিনেমা! রাগেন কেন মশাই! শান্ত হোন, বলছি। শিলাবতীর পশ্চিম পাড়েই দুটি সিনেমাহল। তার মধ্যে একটি মতি। বিষয়টাকে যদি আরেকটু গুবলেট করে দিই,তবে মতি নিয়ে মতিগতি অবাক হওয়ার জোগাড়। কুঠিবাজারে আজকের মতি সিনেমাহলের জায়গায় একদা গড়ে উঠেছিল 'ভারতী টকিজ'। তা নিয়ে আলোচনা পরের পর্বের জন্য আপাতত তোলা থাক। তবে একটা বিষয় একটু বলা দরকার কুঠিবাজার রামজি দাসসুরেখা ট্রাস্টি বোর্ডের জায়গা। সিনেমাহল মালিক সেই ট্রাস্টি বোর্ডের কাছ থেকে  প্রেক্ষাগৃহ করার জন্য জমি লিজে নেন।আনুমানিক ১৯৭৬-৭৭ সাল নাগাদ ভারতী টকিজের কাঠামো ভেঙে সরিয়ে নেওয়া হয় ওইস্থান থেকে। আর ১৯৭৯ সালের ১৫ই এপ্রিল মাস থেকে মতি সিনেমার জয়যাত্রা শুরু হয়। মতি সিনেমাহলের মালিক হলেন শ্রী তপন কর্মকার মহাশয়। বাড়ি খড়ার, ঘাটাল মহকুমা। 

কর্মকার মহাশয়ের ঠাকুমা ছিলেন শ্রদ্ধেয়া মতিবালা কর্মকার। তাঁর নামে চন্দ্রকোণায় আগে থেকেই ছিল মতি কোল্ড স্টোর। প্রিয় ঠাকুমার নামে আরও একটি প্রতিষ্ঠান গড়তে চাইলেন। প্রেক্ষাগৃহের নাম রাখলেন মতি সিনেমা। ঘাটালের বন্যার কথা মাথায় রেখে বেশ উঁচু করে স্ট্রাকচার নির্মাণ করা হল। বেশ সাজানো গোছানো সিনেমাহল। সিঁড়ি ভেঙে প্রেক্ষাগৃহে প্রবেশ করতে হয়। সার দেওয়া কাঠের চেয়ারে সজ্জিত দর্শকাসন। ততোধিক ছিমছাম ব্যালকনি। আলো-আঁধারের ভুবনে ম্যাটিনি শোয়ে কত যে যুগল বাঁধা পড়েছে প্রেমের ফাঁদে তার হিসেব নেই কারুর কাছেই। কত মান অভিমান,কত নোনা জলের বৃষ্টিপাত,প্রথম স্পর্শ,আদুরে চুম্বন সবই হয়তো নির্বাক হয়ে দেখেছে প্রেক্ষাগৃহ। মতির যাত্রা শুরুর প্রথম দিনে পর্দায় ভেসে ওঠে যে ছবি তার নাম 'জয় মা তারা'। প্রেক্ষাগৃহে উপচে পড়ে ভীড়। তখন ফ্রন্ট স্টলের টিকিট মূল্য ছিল ১৯ পয়সা। মিডিল স্টলে ৭৫ পয়সা এবং আপার স্টলে ১.৫০ পয়সা। আর ব্যালকনির টিকিট মূল্য ২.৫০ টাকা। চিফ অপারেটর ছিলেন বিকাশ রঞ্জন ভূঞ্যা। প্রথম দিকে প্রোজেক্টেরের মাধ্যমে ছবি প্রদর্শিত হত। পরে স্যাটেলাইট সিস্টেম চালু হয়। ইয়োফো কোম্পানির ইন্টারনেট যন্ত্রের মাধ্যমে বই ডাউনলোড করা হত এবং ছবি পর্দায় ফুটে উঠত। মতি সিনেমায় ওই সিস্টেম চালু হয় ২০২১২ সাল থেকে। ওই সিস্টেমের প্রথম ছবি ছিল'খোকাবাবু'।



ঘাটাল শহরের মধ্যে মতি সিনেমাহল। দর্শক সংখ্যায় তেমন ভাটা পড়েনি কখনোই। স্কুল- কলেজপড়ুয়ারা ভরিয়ে রাখত ম্যাটিনি শো। তাছাড়াও শহরে আসা দূরদূরান্তের সিনেপ্রেমীরা সিনেমা দেখতে ভীড় জমাতো।  মতি সিনেমাহলের শো টাইম ছিল, ১২ টা,৩ টা এবং ৬ টা। শহরের অন্যতম কবি মহাশ্বেতা দাস মতি সিনেমাহল নিয়ে বললেন তাঁর কথা–" যতদূর মনে পড়ে,মতি হলে আমার দেখা প্রথম সিনেমা মিঠুন চক্রবর্তী অভিনীত 'পরিবার'। ছোটবেলায় বাড়ি থেকে সহজে সিনেমা দেখার অনুমতি মিলত না। পরীক্ষা শেষ হলে ছাড়পত্র মিলত। আর আত্মীয় এলে দলবেঁধে ভিড় জমাতাম। মতি হলে হিন্দি সিনেমা চলত বেশি। এই হলের ব্যালকনিতে বসে সিনেমা দেখার মজাই ছিল অন্যরকম। মতি  সিনেমাহল চত্বরে বেশকিছু দোকান ছিল। তার মধ্যে ফ্যাতনের মোগলাই ছিল বিখ্যাত। শহরের দুটো সিনেমাহল-ই এখন বন্ধ। খুব খারাপ লাগে।"  একথা সত্যি যে তখন মুখে মুখে কথটা ফিরত, মতি মানে হিন্দি বই,ভারতী মানে বাংলা। হিন্দি ছবি তোফা শোলে,দিবার ফাটাফাটি ভাবে চলে। 'শোলে' সিনেমা চলেছিল তিন মাস। হিন্দেতে ডাবিং করা ইংরেজি সিনেমা 'অ্যানাকোন্ডা', 'জুরাসিক পার্ক প্রভৃতিতেও ভিড় উপচে পড়ে।'লাল-সাদা আর নীল- সাদা রঙে ছাপা পোস্টারে প্রচার হত। নতুন হিট ছবি আসলেই মাইকেও প্রচার চলত। মতি সিনেমাহলের ব্লকবাস্টার ছবি 'বাবা তারকনাথ '।  টানা তিরিশ সপ্তাহ চলেছিল সগৌরবে। 'গুরুদক্ষিণা' সিনেমাও চলে চার মাস।তারপরেই আছে লাঠি–দু''মাস, অনুসন্ধান –তিন মাস, ফাইটার– ২ মাস। এছাড়াও ছোটবউ,বলিদান,অনুরাগের ছোঁয়া,খোকাবাু দীর্ঘদিন ধরে চলে। ঘাটাল শহরের বিশিষ্ট চিত্রশিল্পী অশোক সামন্ত মহাশয় মতি সিনেমাহলের স্মৃতিচারণায় বলেন," স্কুল কলেজ লাইফে সিনেমাহলে প্রচুর বই দেখেছি। মতিতে হিট ছবিতে টিকিট প্রচুর ব্ল্যাক হত। পুলিশ মোতায়েন অব্দি করতে হয়েছে। আমদের একটা স্টুডেন্ট গ্যাং ছিল,যারা ব্ল্যাকারদের দাদাগিরি দমিয়ে দিয়েছিলাম বেশ কয়েকবার।আরও একটা বিষয়,স্কুল থেকে সিনেমা দেখতে নিয়ে যাওয়া হয়েছিল বেশ কয়েকবার। তাছাড়া করমুক্ত ছবিও দেখানো হয়েছে একটাকা টিকিটের বিনিময়ে। সবুজ দ্বীপের রাজা,দ্বীপের নাম টিয়ারঙ,ছুট প্রভৃতি সিনেমাগুলো দেখতে গেছি স্কুল থেকে"।

সিনেমাহলের মালিক তপন কর্মকার মহাশয় জানাচ্ছেন, " কোভিড আসার মুখ অব্দি প্রোটোকল মেনে সিনেমাহল চালু রেখেছিলাস। লস হচ্ছিল। তবুও চালাচ্ছিলাম। কিন্তু শেষ অব্দি বন্ধ করকে বাধ্য হই"।

২০২০ সালের শুরুতেই মতি সিনেমাহল বন্ধ করে দেওয়া হয়। শেষ সিনেমা 'ইন্সপেক্টর দাউদ'। তিনি আরো বলেন," একসময় মতিতে টলিউডের সুপারস্টাররা আসতেন। যখনই তাঁদের সিনেমা কয়েকসপ্তাহ অথবা  মাস অতিক্ম করে চলত তাঁরা আসতেন। রঞ্জিত মল্লিক,প্রসেনজিৎ, জিৎ, তাপস পাল, অনামিকা সাহা প্রমুখরা এসেছেন আমার হলে"। ২০০০ সালের পর থেকে মতির টিকিট মূল্য বাড়ে। তখন ফ্রন্ট ২০ টাকা,মিডিল ২৫, রেয়ার ৩০ এবং ব্যালকনির মূল্য ছিল ৫০ টাকা। তবে আগে সিট চারটি স্টলে ভাগ থাকলেও সময়ের সাথে সাথে তিনটি ও শেষে দুটি স্টলে ভাগ করা হয়। মতি হলের সিট সংখ্যা ছিল ব্যালকনির ১৮৬ সহ ৯১৫। স্টাফ ছিলেন ১০–১২ জন। তপন বাবুর সঙ্গে কথা বলে জানতে পারি মতি সিনেমাহল নিয়ে তাঁর ইচ্ছের কথা। এখনো আগ্রহ রয়েছে সিনেমাহল চালু করার। কিন্তু একদিকে বয়স অন্যদিকে আজকের অর্থনৈতিক পরিস্থিতে দাঁড়িয়ে টিকিটের মূল্য কেমন করা যাবে, দর্শক ক্যামন ভিড় করবে ইত্যাদি বিষয়ে ভাবনা। বিকেলে সিনেমাহলটার সামনে দাঁড়িয়ে নিজেও ফিরে যাচ্ছিলাম ডাউন মেমোরি লেনে। মতি সিনেমার ব্যালকনির কোনার সিটে বসেছি আমিও। পর্দায় তখন চলছে  হৃত্বিক রোশনের প্রথম ছবি 'কহোনা প্যায়ার হ্যায়'। পাশে ছিল আমিশা প্যাটেল। রসিক পাঠক যা বোঝার বুঝে নিন।


তথ্যসূত্র:—

প্রসাদ পাঠক ব্যানার্জী – বিশিষ্ট আইনজীবী, ঘাটাল

তপন কর্মকার— মালিক,মতি সিনেমা,মেছেদা

অশোক সামন্ত– বিশিষ্ট চিত্রশিল্পী, ঘাটাল

দীবাকর সী – বিশিষ্ট সাংবাদিক,ঘাটাল

মহাশ্বেতা দাস– বিশিষ্ট কবি ও গদ্যকার,ঘাটাল 

নিতাই ঘোড়ই- ম্যানেজার, ঘাটাল

            …………………… 

সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪


নিমাই জানা এর কবিতা // ই-কোরাস ১৬১

 





নিমাই জানার কবিতা 

১

 লাল মরীচি ঋষি ও মর্ডগেজ পাখিদের প্রাগৈতিহাসিক তত্ত্ব


থাইরক্স ফিফটি খাওয়া সবুজ কঙ্কাল গুলো শুকোচ্ছে রাত্রিকালীন অদ্ভুত ধান বীজের শেষ অঙ্কুরের মাথায় । এখানে ২πr সরযু নদীর ক্ষেত্রফলের থেকেও আরো নীল বর্ণালী ছটার রামধনুর ঘোড়াদের মাথায় লুকিয়ে থাকা মরীচি ঋষির মতো আদিম প্রাণায়ামগ্রস্ত কাটা কাটা জরায়ু বিক্রি হওয়ার আগেই সকলে ডার্ক চকলেট ফ্লেভার মেশানো কিউবিক মাংসের দোকানে ভিড় করে । 

লাল টমেটো ফলের মতো একটা নিরাময় যজ্ঞ নেমে আসুক । টংটং করে প্রেতেরা নাচবে । দানবেরা খুলবে তাদের উর্ধাঙ্গ । আর ফসফরাস মাখানো অদ্ভুত ভ্রুণেরা হাঁটা দেবে একটা সরু সুড়ঙ্গের নিতম্ব ওয়ালা জেলুশিল খাওয়া মর্ডগেজ পাখিদের সাথে।

আমরা কিনে নিয়ে যাব গলার ভেতরে জমে থাকা বিলিরুবিনের পাহাড় । আমি শুধু হাঁ করে থাকি প্রাগৈতিহাসিক কিছু প্রত্ন মানুষদের স্টেইনলেস ওভারকোটেড কাঁটা কম্পাসের দিকে । বীভৎস মানুষগুলো আগুনের যৌবনবতী গন্ধের চামড়া পোড়ানো নগ্ন দৃশ্যে কিছু অ্যাসিডের মোলকিউল খাচ্ছে হাসপাতালের করিডোরে দাঁড়ানো অদৃশ্য সেবিকাদের অবৈধ ঘোষণা পত্র ,  হাসপাতালে তুলো চাষ হয় এখন । সেলুনের ছেলেটা আমার গলা কাটে

কালো কালো রোগগ্রস্ত মানুষের শৌচালয়ের পাশ থেকে উদ্ধার করি নিজেকে , জন্মের আগের বিন্দু বিন্দু প্রস্রাব মুছে ফেলি গোলাপি গজে  , স্টেরিলিন ইনজেকশন, লাইগেশন ছুরি , খুব সচ্চিদানন্দ মনে হচ্ছে ময়না তদন্তের আগের ঠান্ডা বাতাস খেতে । 

হি হি করে হাসি, সদ্য স্ট্রেচার থেকে ডোমের ঘরের দিকে যাওয়ার আগে,  একটা নগ্ন নর্তক দুহাতে মৃতপ্রায় কাঞ্চন ফুলের মালা নিয়ে এসেছিল অবৈধ পেপটিক আলসারের ঔষধ কিনবে বলে

এ পৃথিবীতে ছায়ার দাম বড় কম বলে প্রতিটি অসুখ সেরে যাওয়া মানুষ ঘুরতে থাকে আরো একটা গ্রহের কাছাকাছি , জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকে এ্যাবসোলিউট তাপমাত্রার সানফ্রাস্কিস্কোর সিলিকন প্যাডেড জেলি মাখানো সেক্সটয় বিক্রেতা । আমি তরল কাঁচ দিয়ে প্রাতঃরাশ সারি । ভাজা ডিমের ভেতর আর একটা ঈশ্বর জন্ম নিচ্ছে ।  আমি নিজের যৌনাঙ্গ পুড়িয়ে দিয়েছি কালো কয়লা দিয়ে। 

শিট! শিট! শিট! ডিসেম্বরের শেষ দিনে আবারো কেউ বিষ খেলো 


২

 তিন প্রত্যুষের দরজা ও ক্ষেত্রফলহীন বিছানার ব্যাসদেব


শরীরের মতো তিনি প্রত্যুষ । আসবাবপত্রে এক একটা খনিজ অসুখ পুঁতে রাখেন । এ দেহের অনেক নিচেই পৌত্তলিক । তিনি চাষাবাদ করেন নৈঋতে নিয়ে যান । প্রলয় নৃত্য করেন । খনিজ ভর্তি আসবাবপত্র নিয়ে দাঁড়াতে দিয়ে শবাসনে শুয়ে পড়েন অতীত প্রাচীরের মতো । দুই হাতে নেচে বেড়ান এক এক কর্কট ও শঙ্খ সাপের আত্ম নিনাদ নিয়ে , বহুমুখী জরায়ু তিনি সারা শরীরে যোনীচ্ছদের মতো প্রতিবিম্ব আছে ।  দেশালাই কাঠি আর একটা বিষধর সাপের কঙ্কাল ।  ঈশ্বরের গলায় ভূত শুয়ে থাকে । প্রেত শুয়ে থাকে । জরার জবা ফুল শুয়ে থাকে । আমি ব্যাসদেব দধীচির পায়াসান্ন মাখি অযুত সশব্দে 

তিনিই তো বিবিধ ছায়া রাশি । পড়ে থাকে কাঁচের জলজ অসুখ ।  এখানেই ভগাঙ্কুরের দোষ । ঈশ্বরী নেমে আসেন পাতালপুরীর দিকে। ডার্ক ক্যাভেনডিস বিছানা । বিছানা থেকে নেমে যায় এক একটা প্রাচীন দেবতা । অপ্সরা উলঙ্গ নৃত্য ।  ছায়াময় আমার দুই দিক ।‌ নারী ক্ষেত এক এক ক্ষেত্রফল ।‌ রমণ ও মুক্ত উষ্ণীশ ।  এখানেই সকলে রমন পুড়িয়ে খেত রমণীর ঈ কার দিয়ে


৩

ঈ কার নীল রমন ও সুদেষ্ণা নারীদের অনন্ত মুদ্রার জ্ঞানযোগ


তিনি জগতের জগদম্বা । তিনি পুরুষ নন তিনি নারী নন তিনি উভয়লিঙ্গ নয় তিনি ক্লীবলিঙ্গ সুচতুর চতুর্ভুজ থেকে আরো বিভুজ তিনি সারথি শঙ্কর্ষণ ও নীল ত্র্যম্বক

দুই হাতে জলজ ঈশ্বরীর অবয়ব । আঙুলে নাচেন ঈশ্বরের মতো রক্তকরবী । উড়িয়ে দেন শরীরের অনন্ত মুদ্রা ও জ্ঞানযোগের ত্রিশূল , শিরদাঁড়ার ওপর ঈশ্বরী । ঋষি আদি নক্ষত্র আর সান্ধ্যকালীন তারা । একাকী যজ্ঞের চতুর্পাশে বসেন চতুর্ভুজ দানবের মতো। এ ধূসর পথে তিনি কর্দমাক্ত ।  বেজঙ্গম । পান্ডুরোগ । জাহান্নামের তিলক । জালিম স্রোত । আগুনের স্রোত । এ বরাভয় মুদ্রা আমার । এই পরিচ্ছদের এক এক কৌস্তভ সৌরভ দাগ । এখানে লোমকূপ নেই । আত্মীয় নেই । সব মৃতেরাই আত্মীয়

এ জগতের পাঞ্চজন্য বাজে । কৌমুদী ।  জিষ্ণু । রক্তকরবীর মতো লাল সাপের ঠোঁটের লিঙ্গান্তর চিহ্ন। সমকামী বিছানায় খনিজ দাঁত গলে যায় । এখানে কি আমারই মরনাস্ত্র লুকানো ছিল বৈকুণ্ঠের। 

নয়নে ক্ষত দাগ থাকে । ঈশ্বর নামেন ঋষির মতো সংক্রমিত।  প্রতিটা দাঁতে আঙ্গুলের গোড়ার ধনুক বাজায় কেউ ।  রাত্রের একটা মৃদু এস্রাজ বাজালে ফাঁসির আসামিটা লাল সাপের রজঃ তাপ মাপে। এসো ঞ বর্গীয় ঈশ্বরী ।  ছিঁড়ে যাই মায়াবন্দর ।  ঈশ্বরী তোমার হাতে লাল পদ্ম দিয়ে জয়ন্তীর সুদেষ্ণা গড়ে তুলি ।

পাপের মত লুকাই তাকে । সারারাত একটু একটু আণবিক দেহ খুলে রেখে আসি মাংসপিন্ডের কাছে । কালো আগ্নেয়গিরি নেমে আসে স্থূল ভঙ্গিমায় ।  এখানে শুধু মর্দনের অভাবটাই যত অসুখ । দীর্ঘ দাঁত মুদ্রা বরফের মতো উষ্ণ । এখন কোন স্বেদ ক্ষরণের উপসর্গ নেই। এখান কোন পৈশাচিক শ্বেতাঙ্গ নারীর উর্বশীবৃন্দ ।  আশ্রমিক শবরীমালা । কোন নিকুঞ্জ উপবনের রাসলীলা সমৃদ্ধ দুগ্ধ ক্ষরণ নেই। উন্মুক্ত করি পোশাকের জলজ প্রপাত।

পিতাই হলো ত্রিলোকের বসুধা । একটা ডিনামাইট বিস্ফোরণ করে দিচ্ছে মাইটোসিস রক্তাল্পতার অতি ক্ষুদ্র সান্দ্রতার নীল প্রতিবিম্ব গুলোকে ‌।  একটা রক্ত খেকো পিশাচ সারারাত ফাঁসির দড়িতে মোমের শুক্রাণু মাখাচ্ছে।

সত্যবালা বস্ত্রালয়, ইন্দোনেশিয়ার সাপ ,  এলাচ উপত্যকার ভিতরের শঙ্খিনী নারীরা লাল ছত্রাক গর্ভফুল নিয়ে বৈকন্ঠের পুর স্থানে বসে আছে , আমি ঈশ্বরীর পায়ের কাছে ধন্বন্তরি প্রসাদী ফুল রাখলাম , প্রলয় মার্কণ্ডেয় যজ্ঞ হোক মাথাটাকে ফরসেপে দুটো খণ্ড করে টেস্টিসের ব্রহ্ম কুণ্ডে ঢুকিয়ে রাখি , অনিকেত হাসছে যমলোকে .......


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল

সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - অভিরুদ্র জানা

কথা - ৯৪৩৪৪৫৩৬১৪

পশ্চিম মেদিনীপুরের গাজন ও গাজন মেলা - পর্ব ১০

  গ্রামীণ গাজন উৎসব, দাসপুর ২ বঙ্কিম মাজী  বাংলায় গাজন উৎসব শব্দের অর্থ গ্রামের জনসাধারণের উৎসব। এই উৎসবে যারা অংশগ্রহণ করেন আমাদের গ্রামীণ...