Thursday, 17 March 2022

বসন্ত ছুঁয়ে যায় মনে // ই- কোরাস ৪৭




দিও

লিপি সেনগুপ্ত 



আজ সব খুলে দিও,

 কোন ফুল রেখো না আড়ালে

ভূ-মধ্য সাগর যদি চাই, দিও

দু'হাত বাড়ালে। 

দ্বিপ্রহরে যদি চাই

গোধূলি বেলার রাঙা ঠোঁট

গোধূলিতে জ্যোৎস্না যদি চাই

কাঠের চেয়ারে বসে

যদি বলি হতে চাই 

কীর্তিনাশা নদী

সমস্ত কল্লোল দিও

কোনো ঢেউ রেখো না আড়ালে। 

ভূ-মধ্যসাগর যদি চাই, দিও

দু'হাত বাড়ালে।                           

                                         —পূর্ণেন্দু পত্রী

 

বসন্তের সন্ত' রূপটি  আমাকে বারবার টানে।সে তার সমস্ত সঞ্চয়টুকু অকাতরে যেন বিলিয়ে দিয়েছে প্রকৃতির দ্বারে।নিজের সবটুকু বিলিয়ে সে নিঃস্ব,রিক্ত। গৈরিক মাধুর্য দু'হাতে ছড়িয়ে দিয়ে,রাঙিয়ে দিয়ে,মাতিয়ে দিয়ে আমাদের মন প্রাণ ভরে দিচ্ছে প্রতিনিয়ত।এই বসন্ত তাই উৎসবের।বসন্ত প্রেমের। বসন্ত উল্লাসের।সে দানের পাত্র উপুড় করে দিয়েছে। আমরা আকুল হয়ে চেয়েছি তার কাছে....

"ভূ-মধ্যসাগর যদি চাই, দিও

দু'হাত বাড়ালে। " 


আপন করে যার কাছে চাওয়া যায়, বিশ্বাসে যাকে কাছে পাওয়া যায়, প্রেমে যার আলিঙ্গন কামনা করি সে' তো এই বসন্তই।সে' সন্ত'ও।

তাই চারিপাশের নানারকম অশান্তি, অপ্রাপ্তি, হারানোর মাঝেও এক মিলনের ফল্গুধারা বয়ে যায় এই বসন্তেই।সে যে দু'হাত ভরে দিতেই এসেছে। নেবে না তো কিচ্ছুটি!

সে রূপে রসে বর্ণে গন্ধে মাতিয়ে দিয়ে বলছে কানে কানে…


আমার তো কিছু নেওয়ার ছিল না

কারো কাছে

মুঠি খুললাম তাই ,শুধুই ফিরাতে।


তাকে বরণ করি প্রেমে।আকাশ রাঙিয়ে দিয়ে সে'ও তো সেই ডাকেরই প্রতীক্ষায়। তাই তো তাকে এমন করে চিনি। গভীরে অনুভব করি...


"গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী, 

কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী। "


বসন্তের ছোঁয়ায় জেগে উঠুক প্রাণ, গেয়ে উঠুক পাখি, দোলা লাগুক মনে, রঙ লাগুক সম্পর্কে…

….................


বসন্ত এবং 

দেবশ্রী দে



শীতকালের জড়োসড়ো ভাবটা কাটতেই সবার মধ্যে বসন্ত বসন্ত বাই জাগে। স্পেসিফিক ফুরফুরে হাওয়াটা না এলেও কুছ পরোয়া নেহি। সামনে খোলা জানলা আর পেছনে স্ট্যান্ড ফ্যান। হাতে সঞ্চয়িতা কানে হেডফোন..বসন্ত এসে গেছে।

গ্রামের দিকে শিমুল-পলাশ মার্কা ল্যান্ডস্কেপ আর কু- কু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাপারটাকে জমিয়ে দেয়। বেরঙা নদীতে দোলের দিন একগাদা রামধনু ছেড়ে দেয় কচি-মাঝারি-বুড়ো। 

শহরে সেসবের বালাই নেই। ফুল নেই। নদী নেই। নেই কোকিলও। শুধু কাক আর গুটিকয় চড়াই। একটা কাককে সেদিন প্রশ্ন করেছিলাম সে বসন্ত বলতে কী বোঝে। উত্তর দিল কিস্যু না, স্রেফ কোকিলের কারসাজি। চড়াইগুলো আরও প্র্যাকটিক্যাল। ওরা শুধুই খড়কুটো চেনে।


যে হলুদ পাতাগুলো নতুনকে জায়গা ছেড়ে দিয়ে আকচার মাটিতে ধুলো খায়, তাদের সাথেও কথা বলে দেখেছি ওরা জাস্ট নিয়ম মেনে চলে, চলতে বাধ্য হয়। হলুদ আর সবুজকে পাশাপাশি তো দিব্যি মানায়। যে মেয়েটা লাভলেটার লেখার সময় এসেন্স মাখাত আর যে ছেলেটা হোয়াটসঅ্যাপ-এ রেডহার্ট স্টিকার পাঠায় , তফাত কোথায়। 

সবাইকেই তো কোথাও না কোথাও বসন্ত ছুঁয়ে যায়...

………...........


যখন বসন্ত উঠোনে

খুকু ভূঞ্যা



মনখারাপ ঠিক বুনো মেঘের মতো।যত বেশি প্রশ্রয় পাবে তছনছ করে দেবে মনের মাটি। তাই আগে উচিত অন্ধকারের নিড়ান। মনে যত বেশি কুয়াশা থাকবে তত ঘন হবে জীবনের অধ্যায়।

অনেক কিছু নেই ।শীত বসে থাকে খড়ের চালায়। ঘুমের ভেতর পাতা ঝরার শব্দ। আঁধারের ঘরদোর নিয়ে দিনরাত্রির যাপন।


তবুও শীত শেষে নতুন পাতা ফুটলে মন থেকে মুছে যায় বিবর্ণতা।আমের মুকুলে মৌমাছির গুনগুন, কোকিলের কুহু কানে শুনতে শুনতে মনে হয় কোথাও যেন বাঁশি বাজছে।সুর পেয়ে যাচ্ছে সমগ্র জীবন। নতুন পাতা আর সবুজ ধানমাঠে ডুবে গেলে চোখ, নিজেকে নিঃস্ব মনে হয়না আর।


বসন্ত যৌবনের অক্সিজেন।

জরা জীর্ণতা ধুয়ে মুছে চোখে পরিয়ে দেয় প্রেমের কাজল। মৃদুমন্দ বাতাস প্রেমিকের পরশ হয়ে সারা শরীরে মাখিয়ে দেয় আরোগ্য শুশ্রূষা।

দুঃখ শরীরের আটপৌরে পোশাক।একে ত্যাগ করে কেউ চায়না নগ্ন হতে। অশ্রু থাক, থাক ঝড় প্লাবন খরা দহন। আসুক হেমন্তের সন্ধ্যা। শিশির ঝরুক। ঝরঝরিয়ে ঝরে পড়ুক পাতা। বিবস্ত্র সময়কে নববধূর মতো সাজাতে তুমি এসো হে প্রিয়, চির নবীন ভাস্বর স্বজনের বেশে--

……….......


বসন্তের চিঠি

কবিতা সামন্ত



অমোঘ আকাশের দিকে তাকিয়ে যখন গাছেরা অমৃতবাণীর কথা বলে,আমি মাকে চিঠি লিখি। মা তোমার ওখানে বসন্তের ছোঁয়া লেগেছে? এখানে শহরের ইট পাথরের মাঝে বসন্ত আসেনা। মা উঠোনের সজনে গাছটা এখনো আছে তো? বসন্ত এলে তুমি বুঝবে কীভাবে?

উঠোন ভর্তি সজনে ফুলেরা ধুলোয় গড়াগড়ি দিচ্ছে? তুমি কী গরম গরম ভাতের সঙ্গে সজনে ফুলের বড়া বানিয়েছো?

বাঁদিকের পুরানো নিম গাছটায় নতুন কচি পাতা এসেছে?

আলুভাতের সঙ্গে নিমপাতা ভাজা খুব ভালো লাগে জানো?

জানি তুমি বলবে আমি পছন্দই করিনি কোনদিন। তুমি জোর করে খাওয়াতে এই বসন্তে। বাবার হাতের সেই আম গাছটায় মুকুল এসেছে? রাস্তার মোড়ের কৃষ্ণচূড়া গাছটা ফুলে ফুলে ভরে গেছে নিশ্চয়ই? তোমার মনে আছে?আমরা ভাইবোনেরা কতো কাটাকাটির খেলা খেলতাম ওই ফুল নিয়ে? মা কোকিলের ডাক শুনতে পাও? শুনেছি বসন্তে পলাশ ফুল ফোটে। আমাদের ওখানে তো পলাশ গাছ নেই কিন্তু আমি দেখেছি পলাশে গাছ। সেবার ট্রেনে যেতে যেতে পলাশের বন দেখেছি। কতো লাল লাল পলাশ ফুল ফুটে আছে।

……….......


বসন্ত ছুঁয়ে যায়ঃ খোলা জানালায় গোলাপি প্রেম

তাহমিনা শিল্পী 



যদিও পল্লীকবি জসিম উদ্দিন বলেছেন,“ফুল  নেয়া ভাল নয় মেয়ে। ফুল নিলে ফুল দিতে হয়, – ফুলের মতন প্রাণ দিতে হয়। যারা ফুল  নিয়ে যায়, যারা ফুল দিয়ে যায়, তারা ভুল দিয়ে যায়, তারা কুল নিয়ে যায়।"

তবুও প্রেমিক মন ফুল চায়,ফুল দেয়।ফুলে-ফুলে ভালোবাসা বিনিময় করে।আর যদি ফুলের সাথে একাত্ম হয় কোকিলের কুউ,কুউ ডাক।তবে মন মেতে উঠে বসন্তের সব্বোনেশে খেলায়।

আমার এ খেলা নতুন নয়।এ খেলার শুরু সেই কিশোরীবেলায়...

আমাদের বাড়ির তিনতলার যে ঘরের সামনে দিয়ে রাস্তাটা এঁকেবেঁকে রেল লাইন অবধি গিয়েছে আমি থাকি সেই ঘরটাতে।জানালার পাশেই বুড়ো শিরিষ গাছ।প্রকৃতিতে বসন্ত এলে শিরিষ গাছটির কোন এক ডালে নিজেকে লুকিয়ে রেখে একটি কোকিল সারাদিন ডাকে।আকুল করা সে ডাকে আমি অংকের সুত্র ভুলে যাই,রসায়নের বিক্রিয়া ভুলে যাই।আনমনে কোকিলের সাথে সুর মেলাই, কুউ...কুউ....কুউ...কোকিলটিও আমার সাথে গলা মেলায় কুউ...কুউ...কুউ...

আনমনে জানালায় তাকিয়ে থাকি,কোকিল খুঁজে যাই। ওমা! কোকিল কোথায়! শিরিষ গাছের গায়ে হেলান দিয়ে রাখা একটি পুরনো সাইকেল!

সাইকেলের হাতলে ঝুলানো এক ঝুড়ি পলাশ ফুল! আমি চুপিচুপি গিয়ে কোচর ভরে ফুল নিয়ে আসি,সুঁতো দিয়ে মালা গাঁথি।গয়না বানিয়ে হাতে,গলায়,কানে পড়ি।জানালার ধারে দাঁড়িয়েও আনমনে গুনগুন করি- ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়...

সকাল-বিকেল পলাশবনের পাতারা নেচে ওঠে তার আড় বাঁশির সুরে।যে বাঁশি বাজায় দূর থেকে তার মুখটা অস্পষ্ট। তবুও বুঝতাম সে সাইকেল মালিক।তার মনযোগ এই খোলা জানালায়।

এভাবে চলে গেলো গোটা বসন্ত।তারপর একদিন খোলা জানালায় দাড়ালাম।বহুদূর অবধি দেখা যায়.... কোথাও কেউ নেই।

খুব প্রিয় কেউ চলে যাবার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে।চাপচাপ বেদনা ঘুরতে থাকে এ ঘর, সে ঘর।আজ তেমন একটা  সুর বাজছে মনে।কোন কারণ নেই।তবুও বাজছে,গভীরভাবে।

  …….................


বসন্ত ছুঁয়ে যায়

সোমা প্রধান



 মাধ্যমিক  শেষে বিস্তর অবসর।  আকাশে বাতাসে শিমুল পলাশ গন্ধ।  কিশোরী সতেরোর মনে নতুন আলোর ছোঁয়া। স্কুল পেরিয়ে শহরের বোডিং কলেজের হাতছানি। আরও খানিক দূরে বুক দুরুদুরু মনখারাপ। ছেড়ে যেতে হবে ঠাকুমার খিলি পান, দিদির হাতে বাঁধা বিনুনি আর  আর চিলেকোঠার খেলনাবাটি।

 পরদিন দোল।

 ঘুম ভাঙতে দেরি হয়ে যায় সতেরোর।পাড়ার কচিকাঁচাদের কলকানে চমকে ওঠে সে। জেঠুমনি খালিপায়ে বারান্দায় চেয়ারে বসে। কচি কচি হাতের আবির স্পর্শসুখের ঘরে আনন্দ প্রণাম সারে। কাকিমার রসুইখানা  গরম ঘুঘনির গন্ধে ম ম করে... উঠোন জুড়ে রংবেরঙের আলপনা। ঠাকুমা গোপালের নাড়ু নিয়ে হাতে দেন সবার। একটু পরে দাদার বন্ধুরা আসবে, ভাবতেই মুখ লাল হয়ে আসে সতেরোর।

দুপুরের সেই মাহেন্দ্রক্ষণ।সবাই যখন ব্যস্ত, কোন এক ফাঁকে ফিসফিসিয়ে কেউ বলে ভালোবাসো?

শুনেই বুক ধড়ফড় করে, লজ্জায় মাথা নিচু হয়ে আসে, একছুট্টে চলে যায় চিলেকোঠায়, আলোআঁধারে প্রিয় টেডিটাকে জড়িয়ে চুপ করে বসে থাকে অপেক্ষায়...

তারপর ধীরে ধীরে সে কাছে এসে রাঙামুখ তুলে ধরে তার করপুটে,  বন্ধ চোখের পাতায় চুমু এঁকে দিয়ে জানতে চায়

"ভালোবাসো আমায়?"

সব দুঃখ ভুলে সেদিন  সতেরো হারিয়ে যায় একুশের গহীনে।

বসন্ত ছুঁয়ে যায় পাতায় পাতায় শিরায় শিরায়...…

…..............


দোলা দিয়ে যাও

সোনালী মিত্র 



"ওগো দক্ষিণ হাওয়া ও পথিক হাওয়া, দোদুল দোলায়  দাও দুলিয়ে। নূতন পাতার পুলক ছাওয়া পরশখানি দাও বুলিয়ে"

শরীর জুড়ে কাব্যহীন যন্ত্রণার নীরব কান্না। শুষ্ক নিস্তেজ হৃদয় আজ অর্থহীন দীর্ঘশ্বাসের দোলায়।আমি চেয়ে থাকি তোমার অপেক্ষায় । তুমি কেমন ভাসাবে আমায় তোমার প্রেমের জোয়ারে? এই নিস্তেজ আবরণহীন শরীর মুখরিত করে তোলো তোমার রঙে, তোমার পরশ দিয়ে নতুন অলঙ্কারে ভরিয়ে দাও নবসাজে। দেখো, দেখো ঐ যে নীল আকাশ কেমন রঙিন আলোয় আলোয় আলোকিত। 

আমি  জানি, তুমি আজ এসে দাঁড়িয়েছো আমার দক্ষিণ দুয়ারে।সেই পদধ্বনির মধুর সুরে ঢেকেছি সর্বাঙ্গ আমার  লাল চেলীতে, স্বলজ্জ নয়নে তাকিয়ে দেখি ঋতুরাজ তোমাকে। এই রঙিন হয়ে ওঠা যে তোমাকে ঘিরেই রোমাঞ্চিত হই বারে বারে ।পুলকিত মনে মনে বাসন্তী পরাগ উড়িয়ে প্রজাপতির পাখায় এঁকে দিই সোহাগভরা চুম্বন। 

তোমার জন্য পাগল হাওয়া, তোমাতে আমাতে দুলবো দোলায়, গাইব দুজনে ভালো লাগার কথামালায়।

যেদিন তুমি চলে গেলে, আমার শরীর থেকে খসে খসে পড়লো সব আভরণ এক লহমায় মুছে গেলো সব রঙ। সংলাপ গেলো হারিয়ে। যে কুহুতানে মোহিত করে তুলতো  বার বার উজ্জীবিত হতাম ওরাও গেলো তোমার পথের সঙ্গী হয়ে। আমার জীর্ণ শরীরে ছায়া নেমে এলো সেদিন। 

ঋতুরাজ, আজ আবার আমি তোমাতেই করবো বাস তোমাতে বাঁধব ঘর এসো তুমি এসো আমার হৃদয় মাঝে। রাখো হাতে হাত ফুলো বন্ধনে।

……...............


বসন্তদিন

অন্তরা ঘোষ



শরীরে পুরুষ,অন্তরে নারী হওয়ার কারণে শ্রীমন্ত যখন সেমন্তী হবে বলে ডাক্তারের সাথে কথা এগোলো, তখনই তার বাবার মেল- ইগো ধাক্কা খেলো সজোরে। নিজেকে সরিয়ে নিলেন তিনি। ডিভোর্স দিলেন শ্রীমন্তর মাকে। শ্রীমন্ত সেমন্তীতে রূপান্তরিত হওয়ার সবটুকু সময় পাশে ছিলেন মা।সেমন্তী তারপর থেকে একলা হতে শুরু করলো।নিজের বন্ধু,আত্মীয়,কাছের মানুষেরা দূরত্ব বাড়ালো।শুধু মা আরো বেশি করে জড়িয়ে থাকলো তাকে। কিন্তু এক বসন্ত পূর্ণিমায় সেই আশ্রয়টুকুও হারালো সেমন্তী। তার জীবনের অন্ধকার দূর করেছিলেন যে মা, তিনি রাতের অন্ধকারে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে চলে গেলেন।সেমন্তী এত কাছে থেকেও বুঝতে পারেনি ভেতরে ভেতরে মায়ের হৃদয় এমন জ্বলে-পুড়ে আংরা হয়ে গেছে।


তারপরেও কয়েকটা বসন্ত পেরিয়ে গেছে। কর্মজীবন ছাড়াও বেশকিছু সমাজসেবামূলক কাজে সারাবছর নিজেকে ডুবিয়ে রাখে সেমন্তী। কিন্তু প্রতি বসন্তে শান্তিনিকেতন তাকে ডাকে আগুনে ফাগুন রূপ নিয়ে। সে আসে, সে ভাসে, খোয়াই-এর তীর জুড়ে রুদ্র পলাশের রূপে। গতকাল রাতে সেমন্তী যে রিসর্টে এসে উঠেছে,সেখানে মাঝরাতে হঠাৎ একটা মরমী সুরে ঘুম ভেঙে যায় তার।ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে,সামনের একটা ব্যালকনিতে আধো অন্ধকারে আবছা অবয়ব। সুর তোলার চেষ্টা করছে মাউথ অর্গ্যানে। ভেঙে যাচ্ছে সুর। ফের চেষ্টা।উঠে দাঁড়াচ্ছে ছায়ামূর্তি। হন হন করে হেঁটে বেড়াচ্ছে।আবারও চেষ্টা।চেয়ারে বসে বসে সৃষ্টির নেপথ্যের এই আলো অন্ধকার মুহূর্তের সাক্ষী হয়ে থাকল সেমন্তী।

 কয়েক বছরে এখানে সেমন্তীর বেশকিছু বন্ধু হয়েছে,যাদের সাথে বসন্তোৎসবে আবির খেলে সে। নাচে-গানে হুল্লোড়ে সকাল গড়িয়ে দুপুর হয়।তারপর রঙ ধুয়ে ফেলতে যায় খানিকটা সময়।তবুও কী সব রঙ ধুয়ে ফেলা যায়? 

শেষ দুপুরে বেরিয়ে পড়ে সেমন্তী প্রতিবারের মতো। তার পরিচিত সেই নির্জন খোয়াইয়ের তীরে। এদিকটা নির্জন বলে সেমন্তীর বেশি পছন্দ।কিন্তু খোয়াইয়ের দিকে এগোতে এগোতে শুনতে পেল সে,গত রাতের সেই মাউথ অর্গ্যানের সুর। "ভ্রমর কইয়ো গিয়া/শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে/ভ্রমর কইয়ো গিয়া..."।

 আশ্চর্য সুরের আলাপন।সুরের হিল্লোলে খোয়াই যেন নেচে চলেছে,রুদ্রপলাশ মাথা দুলিয়ে প্রকাশ করছে অন্তরের আনন্দ। মন্ত্রমুগ্ধের মত এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসল সেমন্তী সুরের  যাদুকরের সামনে।এদিক ওদিক ছড়িয়ে আছে বেশকিছু রুদ্রপলাশ। দু চোখ ভেসে যাচ্ছে সেমন্তীর।বুক জুড়ে এতো কান্না কোথায় থমকে ছিল সে জানে না। হঠাৎ চোখ খুলল ছেলেটি।অদ্ভুত এক মায়াবী চোখ।একেবারে সামনে এমন এক সমর্পিতপ্রাণ শ্রোতার আবির্ভাব সে টেরও পায়নি। নিজেকে সামলে নেওয়ার কোনো ইচ্ছে সেমন্তীর ছিলনা।পড়ে থাকা একটা রুদ্রপলাশ ছেলেটার হাতে দিয়ে বলল,

" শুভ বসন্তদিন।"

আলোকিত সেই মুহূর্তে, খোয়াইয়ের তীরে, অশোক- কিংশুক-রুদ্রপলাশের মাঝে, বসন্ত ছুঁয়ে গেল দুজনের হৃদয়।

…….............


আজি বসন্ত জাগ্রত দ্বারে

সুজাতা চক্রবর্তী 


শীতের শুষ্কতায় বিবর্ণ , রুক্ষ প্রকৃতির বুকে জেগে ওঠে প্রাণের হিল্লোল বসন্তের নিঃশব্দ আগমনে, দখিনা মলয় ইঙ্গিত দেয় বসন্ত আগমনের।ধূসর , বর্ণহীন পাতারা ঝরে পড়ে, নতুন আশায় ছেয়ে যায় গাছেদের শাখাপ্রশাখা কচিকচি পাতায়। কংক্রীটের জঙ্গল ছাড়িয়ে সবুজ বনানীর দিকে হেঁটে গেলে এক অপূর্ব গন্ধবিধুর বাতাসের সন্ধান পাওয়া যায় বসন্তের দিনে। বসন্তের রঙীন ফাগের স্পর্শে সেই কোন সুদূর অতীত কাল থেকে দোল উৎসব গোটা ভারতের একটি প্রাচীন প্রাণোচ্ছল উৎসবে পরিণত হয়েছে। রাজস্থানে রাজপুতদের কাছে হোলি খেলা কার্যত প্রাণের উৎসবে পরিণত হয়েছিল। শুধু রঙেই নয়, হোলিখেলাকে কেন্দ্র করে রাজপুতদের জাতীয়তাবোধের পরিচয়েও বারবার দেখা গেছে। জাতির সম্মান পুনরুদ্ধারে ভূনাগ রাজার রানী  ' পত্র দিল পাঠান কেসর খাঁরে / কেতুন হতে ভূনাগ রাজার রানী / লড়াই করি আশ মিটেছে মিঞা ?/ বসন্ত যায় চোখের উপর দিয়া/ এসো তোমার পাঠান সৈন্য নিয়া/ হোরি খেলব আমরা রাজপুতানী '।কেসর খাঁ উৎফুল্ল হয়ে দলবল নিয়ে হোলি খেলতে এলেন।মুখের হাসি যেন ঝরনার জল, বয়েই চলেছে রঙের রঙীন উৎসবে রেঙে উঠতে চলেছেন যে! কিন্তু কেসর খাঁ রঙীন হলেন অন্যভাবে "শুরু হল হোরির মাতামাতি / উড়তেছে ফাগরাগ সন্ধ্যাকাশে / নববরণ ধরল বকুলফুলে / রক্তরেণু ঝরল তরুমূলে/ ভয়ে পাখি কূজন গেল ভুলে / রাজপুতানীর উচ্চ উপহাসে "। কেসর খাঁ আর সৈন্যদের দেহ রক্তের ফাগে রঙীন হল।বেদ,পুরাণ, শব্দপুরাণ, ভবিষ্যত পুরাণ , মহর্ষি জৈমিনির মীমাংসা সূত্র প্রভৃতিতে হোলি উৎসবের উল্লেখ পাওয়া যায়‌।স্কন্দপুরাণ বলছে , হোলিকা রাক্ষসী হরিপ্রেমে মাতোয়ারা প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিলেন পুড়িয়ে হত্যা করার জন্য। প্রহ্লাদ পুড়লেন না এতটুকুও; বরং পুড়ে মারা গেল হোলিকা রাক্ষুসী স্বয়ং।এর থেকেই নাকি হোলি উৎসবের শুরু।পুরাণ থেকে জানা যায়, শ্রীকৃষ্ণ মেড়া তথা মেষাসুরকে বধ করার পর যে আনন্দ-উৎসব হয়েছিল সেই মেড়া তথা পরবর্তীকালের অপভ্রংশে  'নেড়া পোড়ানো' উৎসবের সেই ছিল সূচনা। খ্রিস্টের জন্মের প্রায় তিনশো বছর আগের এক ভারতীয় গুহালিপিতে দোল উৎসবের কথা আছে‌।এই গুহালিপি রয়েছে মধ্যপ্রদেশের রামগড়ে। খ্রিস্টীয় তৃতীয় শতকে বাৎসায়ন রচিত কামসূত্রে পাওয়া যায় দোল খেলার কথা।দেবতাকে কেন্দ্র করে রঙের উৎসবে মেতে ওঠার গল্প। চতুর্থ শতকের শেষ দিকে এই হোলি উৎসবকে শবরস্বামী তাঁর দর্শনশাস্ত্রে বর্ণনা করে গেছেন 'হোলক উৎসব' বলে‌।

শুধু দোলের আনন্দঘন ছোঁয়াতে না বসন্ত আমাদের নতুনভাবে বাঁচতে সাহায্য করে, নতুন উৎসাহ জোগায় আমাদের অন্তরে। সে জন্যই হৃদয় বলে ওঠে কখনও ' হৃদয় আমার নাচেরে আজিকে / ময়ূরের মতো নাচেরে '। জীবন সুখ ও দুঃখের ফুলে গাঁথা মালা। প্রাণফাটা কষ্ট, দুঃখ, দুর্দশা এগুলো জীবনের আকাশে ভীড় করে সময়ের পথ ধরে। জীবন,সময় দুই পরিবর্তনশীল। বসন্ত বার্তা দেয় দুঃখ,দৈন্য,তুচ্ছ হোক সমস্ত কালিমা মুছে যাক আনন্দরসে ভরে উঠুক জীবনের পাত্র‌। বসন্ত উৎসাহের  জাদুকাঠি নিয়ে মনকে ছুঁয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ প্রতিমাদেবী ঠাকুরবাড়ির দোল উৎসব সম্পর্কে লিখেছেন , "দোলপূর্ণিমারও একটি বিশেষ সাজ ছিল।সে হল হালকা মসলিনের শাড়ি,ফুলের গয়না আর আতর গোলাপের গন্ধমাখা মালা। দোলের দিন সাদা মসলিন পড়ার উদ্দেশ্য ছিল যে, আবিরের লাল রং সাদা ফুরফুরে শাড়িতে রঙিন বুটি ছড়িয়ে দেবে।" কন্ঠ থেকে কন্ঠে সেদিন ধ্বনিত হত : 

                " ওরে আয়রে তবে 

            মাতরে সবে আনন্দে

             আজ নবীন প্রাণের বসন্তে

             পিছনপানের বাঁধন হতে 

              চল ছুটে আজ বন্যাস্রোতে 

               আপনাকে আজ দখিন হাওয়ায়

               ছড়িয়ে দে রে দিগন্তে ..."।

ইউরোপে বসন্ত উৎসবে দারুন জাঁকজমক। স্পেনের ভ্যালেন্সিয়ায় বসন্ত সমাগমে শুরু হয়  'লাস ফাইয়াস '।স্পেন ছাড়াও আয়ারল্যান্ড,ক্রোয়েশিয়া , বসনিয়া, রোমানিয়া প্রভৃতি দেশেও হইহই করে উদযাপিত হয় বসন্ত উৎসব। মেক্সিকোতে বসন্ত ঋতুকে বলা হয় ' সান মার্কোস'। জাপানে বসন্তকালে ফুলে ফুলে ছেয়ে যায় চেরি গাছ।চেরিফুলকে জাপানিরা বলে   'সাকুরা'। এই ফুল তাদের কাছে বড় পবিত্র, সৌভাগ্যেরও প্রতীক। ইরানের প্রাচীন ' নওরোজ ' উৎসব আজ ছড়িয়ে পড়েছে এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি অঞ্চলে‌। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ ২০১০ সালে দিনটিকে ' আন্তর্জাতিক নওরোজ দিবস ' এর স্বীকৃতি দিয়েছে।

   

দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড বসন্তকে স্বাগত জানায় ' সংক্রান ' উৎসবের মধ্যে দিয়ে। বাংলার ' সংক্রান্তি' এখানে ' সংক্রান '। বেশ মজার এই উৎসব। আমরা যেমন দোলের দিন একে অন্যের গায়ে আবির ও রং মাখাই , সে দেশের মানুষ জলে নেমে পরস্পরকে জল ছিটিয়ে ভিজিয়ে দেয়। উদ্দেশ্য , বিগত বছরের রাগ-অভিমান-হিংসা সব ধুয়ে ফেলে শুদ্ধ হয়ে ওঠা। নতুন করে সব শুরু করা।


বসন্ত শুধু ঋতু পরিবর্তন নয়। যে দেশে যে রূপেই বসন্ত আসুক না কেন বসন্তের মর্মবাণী চিরন্তন।যা কিছু জীর্ণ, পুরোনো তাকে ত্যাগ করে সজীব ও নবীনকে বরণ করে নেওয়া।মারী জর্জর যুদ্ধের গন্ধ মাখা পৃথিবীর বুকে আবার জেগে উঠুক বসন্তের পাগল করা সুর , চেতনার রং ছুঁয়ে যাক বসন্ত মানবমনকে ....

…….


আজি দখিন-দুয়ার খোলা

অমৃতা খেটো



কেয়া বনে চুপটি করে বসে থাকা কোকিল যখন মিষ্টি সুরে ডেকে ওঠে আর আমের মঞ্জরীতে ও পেয়ারা ফুলে মৌমাছি, ভ্রমরের আনন্দময় আনাগোনা শুরু হয়ে যায় তখন হঠাৎই মন অকারণ  পুলকে নেচে ওঠে....সত্যিই তো! "বসন্ত এসে গেছে"।

শীতশেষের একটু ঠান্ডা ভাব, রোদেলা দিন,

 কচিপাতার উল্লাসে আর অশোক, পলাশ, কৃষ্ণচূড়ার

রক্তিম আহ্বানে দক্ষিণের বাগান হেসে উঠেছে।ঝাঁক

ঝাঁক রঙিন প্রজাপতিরা ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে।

উদাসী বাতাস কানে কানে মৃদুস্বরে বলছে–

"বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা

বইলো প্রাণে দখিণ হাওয়া–আগুন জ্বালা"


গত দু বছর ধরে প্রকৃতিতে বসন্ত এসেছে, মন ছুঁতে পারেনি। অতিমারিতে  বিশ্ব জুড়ে মৃত্যুমিছিল চলেছে, আমরা হারিয়েছি প্রিয়জনদের। তাদের যন্ত্রণা, হাহাকারে আমরা কাতর হয়েছি। আবার এসেছে বসন্ত, শুরু হয়েছে হাড় হিম করা যুদ্ধ। রঙের ডালি নিয়ে প্রকৃতি সেজে উঠেছে, টগর, বেল, চাঁপা, গন্ধরাজ, কাঞ্চন ফুলের কুঁড়ি ফুটে ওঠার

আনন্দে আত্মহারা....হাজার হাজার মানুষের কান্না শুনতে পাচ্ছি... মন ছুঁতে পারছো না গো ঋতুরাজ....

………............

       


ভার্চুয়াল

অঙ্কিতা সেনাপতি



 

ভার্চুয়ালে যাদের কথার অন্ত নেই দিনরাত,মুখোমুখি দেখা হলে তারা তোতলায়,শব্দ হাতড়ায় ক্রমাগত,মনে মনে ভাবে হয়তো যে যদি ভার্চুয়ালের মতোই একটা smiley পাঠানো যেত !তোমার সবুজ বাতি জ্বলার সাথে সাথেই টিং করে যে হাত নাড়ে রোজ,মুখোমুখি হঠাৎ দেখা হলে তার মুখের কৃত্রিম হাসিটা বেশ ধরা পড়ে তার চোখে,কেউবা আবার ঘুরেও তাকায়না ….অথচ সেইদিনই বিকেলে টিং করে প্রশ্ন আসে “কেমন আছিস?” আজব দুনিয়ার আজব ব্যাপার! যে মানুষটা চোখে একরাশ কান্না নিয়ে ঝাপসা চোখে টাইপ করে “ভালো আছি” ,তার হাসি মুখের ইমোজি টা সেবারের মতো তাকে শত সহস্র সহানুভূতি থেকে বাঁচিয়ে দেয় সে যাত্রায়। কাল তুমি মারা গেলে, রিপ লেখায় ভরে যাবে তোমার ওয়াল,তোমার প্রিয় রজনীগন্ধা নিয়ে তোমার পাশে বসে চোখের জল ফেলবে কজন? বলতে পারো? মজার ব্যাপার এই যে,হয়তো যে রিপ লিখলো তোমার ওয়ালে সে ব্যাস্ত পার্টি করতে অথবা তার প্রেমিকার সাথে … বক্তব্য কিছুটা এরকম “বাবু একটু দাঁড়াও,রিপ(RIP) টা পোস্ট করেই আসছি,নইলে লোকে অসামাজিক বলবে” … দাদা বলছি একটু ভুল বললেন,ওটা অসামাজিক নয়,ওটা অভার্চুয়াল হবে !তোমার ছবিতে লাভ রিয়্যাক্ট করা মানুষগুলো আদৌ তোমায় ভালোবাসে কি? নাকি সেটাও লোক দেখানো? ভেবেছো কখনো? ভাই খুব বিপদে পড়েছি বললে ছুটে আসবে কজন? ভালোবাসা জাহির করার জিনিস নয়,সযত্নে আগলে রাখার আবেগ । প্রত্যেকটা লোক দেখানো লাভ রিয়্যাক্টে ভালোবাসা বড্ড মেকি,খেলো হয়ে যায় ! ভালোবেসে একটা ফোন করেও তো জিজ্ঞেস করা যায় “কেমন আছিস” ...যায়না? দেখা হলে একগাল হাসি যে ভালোবাসা মেশানো থাকে সেটা টের পেয়েছ কখনো? পারলে একটু অভার্চুয়াল হও,জীবন খুঁজে পাবে …!!লোক দেখানোর প্রতিযোগিতা চলছে অনবরত প্রতিদিন,তুমি আমি সবাই অজান্তেই তার অংশ হয়ে পড়ছি হয়তো ! কার অডি গাড়ি আছে,কার কততলা ফ্ল্যাট,কার প্রেমিকের কেটিএম আছে ...মায়ের হাতের রান্না স্ট্যাটাস দিই বা না দিই, ফাইভ স্টারে ডিনার করলে পোস্টের সাথে হোটেলের নাম দেয়া মাস্ট...আরে ভাই লেভেল আছে,দেখতে হবেনা !!ভার্চুয়ালর কৃত্রিমতায় হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব,আমিত্ব … অবশ্যই ভার্চুয়ালের অংশ হোন,তবে লোক দেখানোর নয় ।

ভেতরের মশলা টা এখনও ম‍্যাটার করে … লোক দেখানো টা সাময়িক ।

……….............

বসন্ত' ছুঁয়ে যায় মন

রুবি সিংহরায়



ঋতু বৈচিত্রের সমারোহে ছয়টি ফুলে গাঁথা।   তার মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার *বসন্ত*  হালকা হাওয়া কুহু কুহু কোকিলের ডাকে মিষ্টি ভোর, পলাশ গাছের মাথায় মুকুটে পলাশের থোঁকা  ফুল, মন উচাটন, পিয়ামন বলে *বসন্ত* এসে গেছে। বসন্তের সুফলে মন হারা,পাগল পারা, কত প্রেম, কত ভালবাসা, কত সুখ স্মৃতি বসন্তের ডালে বাসা বাঁধে। *বসন্ত* তার ডালি নিয়ে প্রতি বছর আসে, নতুন স্বপ্ন, নতুন আশা আর কিছু ভালোবাসা নিয়ে মন পাগল করা প্রিয়  বসন্ত। বসন্তের কুফল সে অতি মারাত্মক। আঁচড় কাটে শরীরে, ছাপ রেখে যায়, আবার কখনো ছবিও হয়ে যায়। ঝরা পাতার মতো ঝরে যায় কত প্রেম নিঃশব্দে নীরবে একবুক কল্পনায়। বিষাদের সুর তখন কোকিলের কুহুতান মনে হয় কাল কলতান, এভাবেই বসন্ত আসে যায়।

তবুও মানব জাতির মনের এক অমোঘ আকর্ষণ সুন্দরভাবে বাঁচার স্লোগান বসন্ত এসে গেছে। রঙীন হয় মন, পলাশের রঙে,দোল,হোলি উৎসব এই বসন্তে,  তাইতো কবি বলেছেন - *ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত*


এসো, ছুঁয়ে থাকি

মহুয়া ব্যানার্জী



বুকের ভেতর অনেক আগুন

ফাগুন চলে যায়।

বইছে বাতাস হতাশ সুরে

মন কেমনের ছায়ে।


ছুঁয়ে ফেললাম, বললেই কি ছুঁয়ে ফেলা যায়?

এই যে আজীবন পৃথিবীর  সব বর্ণ,গন্ধ ছুঁয়ে ফেলার জন্য ছুটে চলা- অথবা ছোট ছোট সুখ দুঃখের মেঘছায়ায় দুলতে দুলতে পাঁক থেকে  পঙ্কজ হয়ে ওঠা - সোনা রোদের গান আর বাগান জোড়া প্রাণের আরাম প্রজাপতি হয়ে উড়ে যায় এক জন্ম থেকে আরেক জন্মে। এভাবেই মায়া জড়িয়ে থাকে শীতের নরম কম্বলের মত । ওম ছড়ায়। শীত পেরোলেই পথের বাঁকে ওই যে দাঁড়িয়ে ঋজু পলাশ কৃষ্ণচূড়ার হাত ধরে, তারা একসাথে ডাকে- ফাগুন নেবে গোওওও- ফাগুন- অশোকের পৌরুষ শিমুলের বুকে মুখ লুকায়। হতাশ বাতাসে তখন নেশার ঘোর মনখারাপের কুয়াশা মুছে দেয়। আকাশে বসন্তের রঙ ডিপ্রেশনে চলে যাওয়া কিশোরের মনের ক্যানভাসে স্বপ্ন আঁকে! বাস্তবের আগুনে পোড়া গদ‍্যেরা তখন প্রেমের কবিতা হয়ে উড়ে বেড়ায়। বস্তির কিশোরীর চুল ছুঁয়ে, কিন্নরীদের আকাঙ্খা ছুঁয়ে ,কর্পোরেটের রোবটপ্রায় মানুষদের ছুঁয়ে, ফুটপাতের অভাব ছুঁয়ে বৃদ্ধাশ্রমের দিকে উড়ে যায় সেই সব কবিতারা। 

ঠিক তখনই শালের বনে , কংক্রীটের দেওয়ালে,পাহাড়ে ,মরুতে অকারণ উচ্ছ্বাস জাগে। ঋতুরাজ প্রলোভিত করে ডাকে-

   

      মন তোমাকে ছুঁয়ে দিই

এসো, সব দ্বন্দের হোক অবসান।

     বিদ্রোহ জেগে উঠুক

চুম্বনের উষ্ণতায় আদরের ব্যারিকেডে।

   ভুলে যাওয়া যাক সব ভুল,

এসো, ছুঁয়ে ছুঁয়ে থাকি এ অনন্ত বিস্তারে।

………...........


বসন্ত

মিঠু মণ্ডল



এখন আকাশে অনেক আলো। বাতাস জুড়ে বড্ড বাঁশির সুর। হলদে চাঁদ ইচ্ছে হলেই ঝুলে থাকে কার্নিশের সমান্তরালে। হ্যাঁ, ফাগুন এসেছে। তাই ফুল থেকে পরাগ চুরি করে প্রজাপতি। তারপর সে পরাগ মাখিয়ে দেয় কোনো ফুলেরই স্তনবৃন্তে। ঠোঁটের কোনায়। বাসন্তী বিকেলের কোমল রোদ্দুর চিরকালই ডাক দিয়ে যায় এক অনিন্দ্য জীবনের প্রত্যাশায়। মন বলে--- এসো মুগ্ধ হও। এই মুগ্ধতার কোনো দায় বদ্ধতা নেই। একমুঠো ভালোবাসার রঙে রঙিন 

হওয়া মোটেই কোনো অপরাধ নয়। এসময় সকলেই মাতাল। হয়রানি পদচারণা মিশে থাকে প্রতি পদক্ষেপে। জীবন তো একটাই। অথছ  ফুলেল কাহিনী আজো লেখা হয় নি কোনো জীবনেই। তবুও মেঘের গায়ে, গাছের পাতায় ছিটে পড়েছে অস্ত রাগের । শিমুল পলাশের বনে বনে ছড়িয়ে থাকা আবীর গুলাল দেখে বলতে ইচ্ছে হয়--- এসো দেখি ফাগুন, সকলের অস্হায়ী মনে প্রেমের একটা স্হায়ী ঠিকানা গড়ে দাও। ফাল্গুনের নিষিদ্ধ কিশোরী জোছনা। সোহাগে গাঢ় হওয়া অন্ধকারে ফেলে দিতে সাধ হয় যাবতীয় উদ্বেগ, অস্হিরতাকে। সাধ হয় বাসন্তী ভালোবাসায় কৃষ্ণচূড়া রঙ বুকে বেঁধে নিয়ে এগিয়ে আসুক শাল বৃক্ষের মতো বলিষ্ঠ কৃষ্ণ পুরুষ। যার তপ্ত নিঃশ্বাসে নির্বেদ দিন আর রুদ্ধশ্বাস মূহুর্ত একাকার হবে উচ্ছ্বাস ও দূরন্ত পৌরুষে।

সোঁদা মাটির গন্ধে, বীজ বপনের স্তরে স্তরে যে প্রাণ সঞ্চার করে বৃষ্টির পুরুষ ফোঁটা। মাটির গর্ভ সঞ্চারে তখনই তো পৃথিবীর বসন্ত। আসলে , ফাগুন সবুজ পাতার ঋতু, ভালোলাগা, ভালোবাসার ঋতু। যেখানে খুব সহজেই আমিটা - আমাদের হয়ে যায় কোনো পূর্ব শর্ত ছাড়াই।

……..................


বসন্ত ছুঁয়ে যায় মন

আভা সরকার মণ্ডল




সাইকেলের ঘন্টি শুনে চমক ভাঙলো ।

চলতে চলতে কখন যেন পাকা রাস্তার ঠিক মাঝ খানটিতে চলে এসেছি । একপাশে সরে গেলাম দ্রুত ।

হাঁটা পথের লক্ষ্য ছিল পাড়ার মধ্যেই ,পাড় বাঁধানো এবং চারিদিক উঁচু গ্ৰিল দিয়ে ঘেরা একটি খুব বড়ো পুকুর, দীঘি হতে হতেও যেটা দিঘী নয়। তবে এতে জল থাকে সারাবছর । আমার ঘর থেকে পাকা রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই দেখা যায় শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার ডালে রঙের ছড়াছড়ি। পুকুরের পাড় এবং গ্ৰিলগেটের মাঝে,চারিদিক ঘিরে ,সবুজে মোড়া অনেকটা জায়গা , মাঠও বলা যায় তাকে। সেখানে একটু দূরেই শান-বাঁধানো বেদি।

ঝরা শিমুল-পলাশ বিছানো সেই মাঠে বসে গোধূলি-আলোর ছোঁয়াছুঁয়ি খেলা দেখতে দেখতে সন্ধ্যা পার করা আমার নেশা । জলে মাছের খেলা,আর আকাশে রঙের মেলা দেখতে দেখতে মাথায় থাকা সাংসারিক দুঃশ্চিন্তার বোঝা,হালকা হয়ে মেতে ওঠে বসন্ত যাপনে ।

সারাবছর শিমুল-পলাশ না থাকলেও এখানে থাকে নানারকম ফুল এবং পাখি। দুষ্টু ছেলের দল শান্ত হয়ে ছিপ হাতে  বসে থাকে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে । আধো আধো বুলি ঠোঁটে মেখে মা-ঠাকুমার হাত ধরে হেঁটে বেড়ায় শিশু । লাঠি ঠুকে ঠুকে বয়স্ক নারী পুরুষ চলে আসেন হিসেব-নিকেশ হীন জীবনের স্বাদ নিতে।

স্বপ্ন মাখা চোখে দু-চার জোড়া উঠতি বয়সের ছেলেমেয়ে বাদামের খোসা ভাঙতে ভাঙতে, না ফুরোনো কথাগুলো শেষ করার বৃথা চেষ্টা করে যায় আপ্রাণ ! আমি বিভোর হয়ে চেয়ে থাকি। মন কেমন করা হাওয়া এসে অগোছালো এই আমাকে আরও এলোমেলো করে দেয়। এখান এসে বসলে আমার হৃদয় সমৃদ্ধ হয়, পূর্ণ হয় সুখে ।

এখানে এলে বসন্ত ছুঁয়ে যায় মন --সব ঋতুতেই!

……….............



বসন্ত ছুঁয়ে যায় মনে

শ্বেতা সরকার



শূন্য মনের বিষাদ ঝরিয়ে দিয়ে থুরথুরে শীত বুড়ির উত্তুরে হাওয়ার নাকে ঝামা ঘষে আসে বসন্তের ছোঁয়া। সেই ছোঁয়ায় জেগে ওঠে নতুন পাতা আমের মুকুল শিমুল পলাশ আর কবির কলম। উদয় অস্ত  ইঁদুর দৌড়ে ক্লান্ত মন ভেসে যায় ফাগুন সাঁঝে বাসন্তী সাজে আবীর নেশায়।কংক্রিটের জঙ্গলেও ইতিউতি ভেসে আসা কুহু তানে মন কেমনের গান। এ সময়ে মন ভারি উড়ুউড়ু প্রেম শুরু তোমার চোখে আমার সর্বনাশ।কবির কলমে প্রেম আখরে কত না ছন্দমালা। তবু আজ কলম থমকায় সবুজের আর্তনাদে আগামীর আশঙ্কায়। কলম থমকায় রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে মানবতার হাহাকারে। তাই আজ দাম্ভিক সভ্যতার পদতলে কবি জানায় তার কাতর প্রার্থনা।বেঁচে থাকুক প্রকৃতি, ফাগুনে আগুন সাজে বারবার বসন্ত ছুঁয়ে যাক মনে।‌ রক্তাক্ত বধ্যভূমিতে ঝরে পড়ুক কিছু শান্তির টিউলিপ। মানুষ জেগে উঠুক ভালোবাসার মায়ায়, ভালো রাখার প্রচেষ্টায়, মানবতার বন্ধনে।

……................



বসন্তের সাজ

 প্রিয়াঙ্কা মজুমদার



অরিত্রিকা বসন্ত উৎসব উদযাপনের জন্য তৈরী হচ্ছে,সব বন্ধুরা মিলে আবির খেলা হবে তাদের বাগানে।সব থেকে মজার বিষয় হলো সুবর্ণ আসছে আজ।সাজ টা ঠিক থাক না করলে সুবর্ণর চোখে সে আরো সুন্দরী হবে কেমন করে?শিমুল,পলাশে সেজে উঠেছে প্রকৃতি,কৃষ্ণচূড়ার আল্পনায় ভেসে গেছে প্রান্তিক শহর ,গ্রাম।

বন্ধুরা হৈ চৈ করে ডাকতে এলো সকলে। বন্ধুরা সকলে হাজির।একবছর পর আবার সূবর্ণর সাথে দেখা হবে।

ঋতুরাজ বসন্তের সব বৈশিষ্ট্যের রং গায়ে মেখে বসন্ত ছুঁয়ে যাওয়া মনে সাত রঙের আবির ঢেলে সে হলুদ শাড়ি পরে গান ধরলো।সাথে বন্ধুরাও তাল দিচ্ছে।

সাদা পাঞ্জাবী পরে ,কালো সানগ্লাস চোখে সুবর্ণ আসছে, দূর থেকে দেখতে পাচ্ছে অরিত্রিকা।হৃদস্পন্দন তার বেড়ে যাচ্ছে।" একি লাবণ্যে পূর্ণ প্রাণ ,প্রাণ এসহে"।সুবর্ণ কাছে এসে দাঁড়াতেই উঠে দাঁড়িয়ে সকলেই গোল করে ঘিরে ধরলো।একমুঠো গোলাপী আবির অরিত্রিকার মাথায় দিল সুবর্ণ।কালো চশমাটা খুলে বলল যা ভেবেছিলাম তুমি তার থেকে আরো অনেক বেশী সুন্দর অন্তরে বাইরে।আমার দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পেছনে তোমার অবদান অনসিকার্য। এযেনো এক অন্য বসন্ত।

………...........


এই ফাগুনে

যূথিকা দাস অধিকারী




বনের বসন্ত আর মনের বসন্ত এক না হলে অনুরাগের কস্তুরী  তিলক আবছা হয়ে যায়। মধুপ্রেম বিলাসী প্রজাপতির ডানা খসে পড়ে অভিসারী ফুলেদের পাপড়ির মত।

কাঁচা রদ্দুর মাখা একটি ফাগুন সকাল ঘুম ভাঙিয়ে বলে দেখো দেখো চেয়ে শাখায় শাখায় কেমন নতুন পাতা ,বাউলের একতারাতে কেমন বাজছে বসন্তের গান।কেমন করে আতর বিলাচ্ছে থোকা থোকা আমের মুকুল! কিন্তু  এ মনের দরজায় কেবল অপেক্ষার ভীড়। পাতার আড়াল থেকে কুহু-কুহু ডাক শুনলে বুকের ভেতর হু-হু করে। সে'পথ আজও পিছু ডাকে,ঝরে পড়ে কৃষ্ণচূড়ার সোহাগী লালিমা।কানুবিনে এ'হৃদয় ও'আবেশ মাখে কেমনে! কথাছিল বসন্তে এলে থাকবেনা দূরে। তবে কি রুক্মিণীর আঁচলে পড়েছে বাঁধা । সেই অনাদরে লাবণ্যময়ী বসন্ত  হারিয়েছে পলাশের রাঙা ঠোঁট , ফাগুনের মায়াবী ওড়নার মরমী দোল?

আঙুলের ফাক গলে ছড়িয়ে পড়লো মুঠো ভরা সুগন্ধি গুলাল। বিফলে গেল আরো একটা সোনালী বসন্ত ।আর অভিমানীর প্রতিক্ষার এই ফাগুন বেলা॥

……........


বসন্ত ছুঁয়ে যায় মন মানসী সাহু


শান্তিনিকেতন। বসন্ত উৎসব। বিশ্ববিদ্যালয় চত্বর মনোময় হয়ে উঠেছে বাসন্তী সুরে। সেসময় বাংলার রুপময় নিসর্গ ছুঁয়েছে বসন্ত। চারিদিকে ফুলের শোভা। অশান্ত বাতাসে পাগলপারা মন। স্নিগ্ধতায় ভরে উঠেছে রুপকথার রাজ্য। সবদিকে তারুন্ণ্যের জয়ধ্বনি। খোয়াই এর কিনারে ঝরাপাতার সারি। কোথাও কোথাও উঁকি দিচ্ছে কচি পাতা। সেই পত্র পল্লবে, ঘাসে ঘাসে,কুঞ্জবিথীকায় বসন্ত দিয়েছে নব যৌবনের ডাক।প্রাণে প্রাণে মিলবে প্রাণ। বসন্ত নর-নারীর মিলনের সময়। পলাশ শিমূলে মন রাঙিয়ে দেওয়ার দিন। মহুয়ার বুকে ভরা ফাগুনের আগুন। এ আগুন ছুঁয়ে বসন্ত আসে। ভরা পূর্ণিমায় শাল পিয়ালের সাথে মহুয়ার মদিরতা। 'আহির ভৈরব'এ ভাসে আম্রকুঞ্জ।তাতে বাউল সমাবেশ –এ যেন চাঁদের হাট। একদল বাসন্তীমন যুবতীর সাথে ওপার বাংলার মেয়েটি আসে একগাছা আগুন রঙা পলাশ হাতে।আমি তখন বাসন্তী পোশাকে।মেয়েটির চেহারায় বাসন্তী রং।অপূর্ব অনুভূতিতে কেঁপে উঠে হৃদয়– বসন্ত ছুঁয়ে যায় মন। ……………......






                   অঙ্কনঃ- রুম্পি দাস


সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - সুকান্ত সিংহ

ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614









Saturday, 1 January 2022

ছুঁয়ে আছে গ্রিটিংস প্রেম // ই-কোরাস ৪৬

 




ভালোবাসা মানে আর্চিস গ্যালারি

মিঠু চন্দ্র 



"ভালোবাসা মানে আর্চিস গ্যালারি"---আজকের প্রজন্ম বোধহয় এই গান গায় না আর। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার দাপটে কোনঠাসা হয়ে পড়েছে স্নেহ-ভালোবাসা রাগ-অনুরাগের ছোঁয়া মিশ্রিত গ্রিটিংস কার্ড।কাগজ-কলমের আঁচড় ছেড়ে মানুষের আঙুল প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, আপন হয়েছে স্মার্টফোন-ট্যাব-ল্যাপটপ-কম্পিউটার ইত্যাদি। 


অবশ্য কিছু মানুষ এখনও সহজে ফেলে দিতে পারেননা পুরোনো সবকিছু। স্বল্প পরিসরে তাই এখনও অনেকেই গ্রিটিংস কার্ডকেই বেছে নেন শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম হিসাবে। আসলে প্রিয়জনকে দ্রুত ভাববিনিময়, শুভেচ্ছা, ভালোবাসা পাঠানোর জন্য বর্তমানে ইন্টারনেটই ভরসা তাই গ্রিটিংস থাকলেও তা অস্তগামী। অথচ, একদিন এই গ্রিটিংস ছুঁয়েই ছিল ক্রিসমাস ডে, ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা থেকে শুরু করে প্রেম নিবেদন সব কিছুই। বহু চেষ্টা করেও পছন্দের মানুষটিকে "I Love you" বলতে না পারা অবুঝ মন, অনায়াসেই ওই বিশাল হার্ট আঁকা গ্রিটিংস কার্ড ও তাতে ছাপানো ভালোবাসার কিছু লাইনের মাধ্যমে সব বলে ফেলতো। কোনো কার্ডে খাঁজকাটা গোলাপের তোড়া, কোনো কার্ড খুললেই বেজে উঠতো সুরেলা মিউজিক ফলে ওই একটি কার্ডের খরচেই প্রিয়জনকে স্নেহ-ভালোবাসা সহ ফুল-মিউজিক সব দেওয়া হয়ে যেত।

আজও, অনেক বাড়ির আলমারী কিংবা অন্য কোনো গোপন স্থানে যত্ন করে লুকিয়ে রাখা পুরোনো "গ্রিটিংস কার্ড ছুঁয়ে আছে প্রেম"....কোথাও প্রেম কার্ড থেকে শুরু হয়ে পরিণতি পেয়েছে বিবাহে আবার কোথাও বিচ্ছেদের পরও দগদগে স্মৃতি হিসাবে রয়ে গেছে। আসলে কতকিছুই তো হারিয়ে যায় সময়ের সাথে সাথে। 

                         ……… ……….


নীলাভ অক্ষর অথবা নীললোহিত

নিমাই জানা



নবম শ্রেণীর গণিতের পেছনের পৃষ্ঠা মানেই বাঁকা বাঁকা হরফের কিছু ছড়া অথবা গোলাপের শুকনো পাতা। তাদের লুকিয়ে চৈতন্য চরিতামৃত আকাশের দিকে ছুঁড়ে দেওয়া। কখনো নিজেকেই আবহবিকারের রোদ্দুর বলে ছড়িয়ে দিই প্রতিটি বিকেল বেলায়। আমি এক প্রেমে পড়া অলৌকিক পুরুষ। কাকতালীয় সম্পর্ককে মেনে নেওয়া উচিত অথবা অনুচিত তা নবম শ্রেণীর ইতিহাসের পৃষ্ঠা ছাড়া কেউ কোনদিন বিচার করতে পারে না। কোন কোন আবহবিকারের গল্প দীর্ঘস্থায়ী ভূমধ্যসাগরের মতো। শুধু এক আদুরে প্রেমে পড়া রক্তিম কিছু গোলাপের শুকনো কাঁটা ও বাদামি বিকেলের টেপ জামা মাখানো পিঠ নিয়ে অনেক অভিযোগ নেমে আসে। আমি তো কখনো ত্রিকোণমিতির শাড়িময় ক্ষেত্রফলের তলদেশ এড়িয়ে যেতে পারি না। লাল-হলুদ গ্রিটিংস কার্ডে লাল ভালোবাসার কথাটি লিখলেই হৃদস্পন্দন জুড়ে আসে সারা দুপুর বুকের কাছে ,  নিশ্চিন্ত ঘুমের বারান্দায় রেখে আসি লাল-হলুদের সব অমলিন সম্পর্ক কথা। আসলে প্রতিটি গোলাপের পাঁপড়ির ভেতরে একটি ক্ষয় লাগা মরুভূমি লুকিয়ে থাকে, কখনো কখনো পাথুরে অথবা বিশালাকার ছায়াছবি হয়ে। এক ঝাউয়ের নিচে দাঁড়িয়ে সামান্যতম সম্পর্ক কথার সমাপ্তি হয়। দেবদারু পাতা যেভাবে পায়ের তলায় তার ছায়াকে মনে রেখে নিচু হয়ে মালাটি অর্পণ করে, সে গোপন কথা কারো জন্য নয় শুধু নিজের জীবনের সঙ্গে বেড়ে ওঠা পরজীবী পর্ণমোচী ব্রততী মানুষটির জন্য। ফোল্ডেড গ্রিটিংস কার্ড আসলে কিছু নয় সোনালী অভ্র মাখানো ভালোবাসা শব্দটির দীর্ঘ ক্ষত মুখ, যেখানে √ { আত্মহত্যা < ফাগুন বিকেল ×শুকনো গোলাপ}=(চাঁদ বিহীন বৃষ্টির রাত)°।

...................


গ্রিটিংস কার্ড মনের গহীনে এক মায়ার সমুদ্দুর

তাহমিনা শিল্পী



কত স্মৃতি পুরনো হল।কত স্মৃতি হল মায়া।কোন কোন স্মৃতি জঞ্জাল হল।কোন কোন স্মৃতি হল উজ্জ্বল তারা।যে পারে পারুক,আমি যে কোন স্মৃতিই ফেলতে পারিনি।কোন কোন স্মৃতি জমা করে রেখেছি প্রিয় চন্দন কাঠের বাক্সে।কোনটা আবার চিরভাস্বর মনের গহীন গোপন অলিন্দে।সুযোগ বুঝে প্রায়শই স্মৃতির ডালি খুলে বসি।আলতো করে হাত বুলাই,ঝাড়পোছ করি,আবার যত্নে তুলে রাখি।আজ তেমন করেই হাত বুলালাম গ্রিটিং প্রেমের লকারে।সেখানে থরে থরে সাজানো রয়েছে হরেকরকম শুভেচ্ছা কার্ড।

তখন আমার ক্লাস নাইন। সবে কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছি।কত কত কৌতূহলী চোখ সিসি টিভির মত আমাকে নজরদারীতে রাখে।দু-একজন আমায় দেখতে দেখতে পথ চলতে হোঁচট খেয়ে পড়ে।আমি আড় চোখে সব দেখি আর মুখ লুকিয়ে হাসি।

সেই চঞ্চলতম সময়ের এক নতুন বছরের নতুন দিনের শুভারম্ভে ঘুম ভাঙা চোখে ঘরের মেঝেতে সোনারবরণ গায়ে সিঁদূররঙা হৃদয় খচিত একটি গ্রিটিংস কার্ড পড়ে থাকতে দেখি।বড় বড় ইটালিয়ান ইংরেজী ফন্টে লেখা Happy New Year। কে কখন জানালা দিয়ে ফেলে গেছে কে জানে।অযুত কৌতূহলে হাতে নিয়ে কার্ডখানা খুললাম। ওমা,এ যে আমারই জন্য! কার্ডের ভিতরে দারুণ আলপনায় আমার নাম লেখা!

গোটাগোটা বাংলা হরফে ফাউন্টেন পেনের ময়ূরকণ্ঠী কালিতে লিখেছে- 'প্রিয়,তুমি আমার ভালোবাসা।নতুন বছরের প্রথমদিনের প্রথম প্রহরেই জানিয়ে দিলাম।তুমি আর কারও হতে পারবে না।একটি তুলতুলে রেশমী পালকের মত মনের সবুজ রেহেলে আজীবন যত্নে রাখবো তোমায়।বিনিময়ে একটুখানি ভালোবেসো আমায়।'

আহা! কলমের তুলিতে হৃদয়ের সবটুকু আবেগ এঁকে দিলেও বেচারা নিজের নামটি লিখতে ভুলে গেছে।নাকি আমার বাবার ভয়ে সন্তর্পণে আড়াল করে গেছে নিজেকে।নাকি খুব বেশি আত্মবিশ্বাসী।ধরেই নিয়েছিল নাম না লিখলেও, আমি তাকে ঠিকই চিনে নিতে পারবো।

আমি বিচ্ছিন্ন ঘটনা হাতরে খুঁজতে লাগলাম কে হতে পারে?

স্কুলে যাওয়া আসার পথে গলির মাথায় শেষ বাড়িটির খোলা জানালায় যার গোপন ইশারা দেখতে পাই, সে? না,বোধহয় টিউশন শেষে বাড়ি ফেরার পথে সাইকেল চালিয়ে যে ছেলেটি গুনগুন করে 'আমি একদিন তোমায় না দেখিলে।তোমার মুখের কথা না শুনিলে।পরাণ আমার রয় না পরাণে.....' গান গাইতে পিছনপিছন প্রায় বাড়ি অবধি আসে। না,তার এতটা সাহস হবার কথা নয়।আচ্ছা,ওই ছেলেটি কি হতে পারে? যে পাশের বাড়ির চিলেকোঠায় ভাড়া থাকে।রোজ বিকেলে কখন ছাদে যাবো,অপেক্ষাতে প্রহর গোনে।আমি ছাদে গেলে কচ্ছপের মত লাজুক মুখটি গুটিয়ে নিয়ে পালায় ঘরে।

এইসব সাতপাঁচ হিসাব মিলাতে গিয়ে মাথাটা যখন ঘুরছে বনবন।ঠিক তখনই সব ছাপিয়ে গ্রিটিংস কার্ডের উজ্জ্বল এবং আলোকিত এক স্মৃতি উঁকি দিলো চোখের পাতায়।ফের হাত বুলালাম স্মৃতির গায়।রঙবেরঙের কতগুলো শুভেচ্ছা কার্ড মায়ার জাল ছড়িযে দিলো আমার চারপাশে।আমি ডুব দিলাম বছর দুয়েক আগের এক স্মৃতির সরোবরে।

বাবার সরকারী চাকরির সুবাদে ছোট্ট এক মফস্বল শহরে থাকতাম।আমার ক্লাস সিক্সের পর বাবা বদলি হলেন ঢাকায়।পরিবারের সাথে রাজধানীতে স্থায়ী বসবাস শুরু করবো।ছেড়ে দিতে হল পুরনো স্কুল,পুরনো বন্ধু।

স্কুলে আমার শেষদিনে গোটা ক্লাসের ভিতরটা ছিল ভীষণই থমথমে।আমি মাথা নিচু করে দাড়িয়ে ছিলাম শ্রেণীশিক্ষকের পাশে।সহপাঠী বন্ধুরা চোখ মুছতে মুছতে একে একে আমার সামনে এসে একটি করে শুভেচ্ছা কার্ড আমার হাতে দিয়ে যাচ্ছিল।আর আমি অধিক শোকে পাথর,খটখটে শুকনো চোখ।কিন্তু বুকে প্রচন্ড অক্সিজেনের অভাব বোধ করছিলাম।সবগুলো কার্ড ব্যাগে পুরে কোনরকমে দৌঁড়ে পালিয়ে এসেছিলাম।

বহুবছর পেরিয়েছি।উন্নত প্রযুক্তির এইসময়ে এসে সেইসব গ্রিটিংস কার্ডের হয়ত আর কোন প্রয়োজন নেই।এপ্রজন্মের কাছে কার্ডে শুভেচ্ছা জানানোর বিষয়টির ততটা গুরুত্বও নেই।তবু সেইসব শুভেচ্ছা কার্ডগুলো আজও আমি ভীষণ আদরে রেখেছি।মাঝেমাঝে ছুঁয়েছুঁয়ে দেখি।সেইসব কার্ডের হাতের লেখায়,অনুভবে আমি বন্ধুদের প্রাণের সুবাস পাই।সেইসব ভালোবাসার স্মৃতিগন্ধে আজও আমি বাঁচি।আর বলি,বন্ধুত্বের চেয়ে বড় কোন প্রেম পৃথিবীতে নাই।

………………… 


গৌরীর জন্য একটি চিঠি

রাজেশ্বরী ষড়ংগী 



প্রিয় গৌরী,

এই নববর্ষের দিনে যে কার্ড তোকে পাঠানো হয়নি কখনো তার পুরাতনী বন্ধুত্বের পাতায় তোর নাম লিখে যেতে ইচ্ছে করে খুব। আমাদের পুরনো দুর্গামন্ডপের বারান্দায় নারিকেলখোলার তৈরি যে খেলনা বাটির সংসার, তার একখোলা জলের দূরত্ব ছিল আমাদের বন্ধুত্বের  বিকেল ও সকাল। একবুক ভয় নিয়ে কত স্বাচ্ছন্দ্যের সেই রন্ধনপ্রণালী। আমার হঠাৎ হঠাৎ থমকে যাওয়া পথে চিরকাল তুই ছিলি সর্বদা আগে। যদিও আমাদের জীবনে নতুন বন্ধুত্বের ভিড়ে কেউ কাউকে কখনও বিনিময় করিনি শুভেচ্ছার আলোক বার্তা। অথচ একটা কার্ডের ভেতর কতজন লিখে গেছে  কত বলা ও না বলা কথা। সেই সব কথার ভেতর কখন যে একটি অগভীর সমুদ্র হয়ে যায়, জানি না! এখন একা একা সেই সমুদ্রের পাড়ে এসে দাঁড়াই তোর ফেরার অপেক্ষায়। একা একাই পড়ে আছে ভগ্ন দুর্গামণ্ডপ, আমাদের স্মৃতি মেদুরতাময় সেই শিশুকাল। ভাগাভাগি করে পড়তে চাওয়া কিছু গল্প। হঠাৎ উইয়ে কেটে ফেলা একটি দশ টাকার বইয়ের মূল্য তোর চেয়ে নিছকই কম বিশ্বাস করিস। 

 জানি জীবন বড় অদ্ভুত !

এই কার্ডের লেখা তুই পড়বি না জেনেও তোকেই লিখছি। আজ পুরনো ফাইল থেকে যে ক'টা কার্ড  খুঁজে পেলাম তাদের সাথে নতুন করে যোগাযোগ আজকাল কেবল তুই ছাড়া,তারা সকলে যত্নের ফাইলে ও প্রোফাইলে।আর তুই কেবল এই ছোট্ট হৃদয়ের ভেতর। জেঠিমার একটা ডাকে ছুটে পালিয়ে গিয়েও পরের দিন ঠিক ফিরে আসতিস। কিন্তু জীবন সংসারে খেলনাবাটির খেলা থেকে সেই যে ছুটে পালালি, একেবারে না ফেরাব দেশে।প্রতিটি নতুন বছরের এই না বলা কথারা যেন তোর অনিত্যের দেশে  উড়ে উড়ে মুকুল ফোটায়।

জানি সুগন্ধি গোলাপের মতোই আজীবন থেকে যাবি আমাদের হৃদয় বাগানে। তবু নতুন বছরের ভোরে এক একটি আলোক ফুটে উঠুক তোর চন্দনরাঙা কপালের গায়-।

ইতি- 

তোর গৌরী ফুলের বনে, এই খেলনাবাটির সংসারে মাত্র কয়েক দিনের ভ্রমণ সাথী।

              ………………….. 


গোলাপ আঁকা গ্রিটিংস আর কেওকারপিনের সৌরভ

শ্রীজিৎ জানা



সেই এক সোনা দিন ছিল! এমন কথার গায়ে লেগে থাকে নস্টালজিক সুড়সুড়ি! থাকারই তো কথা। আশির দশক। 'আশিকী' সিনেমা লুকিয়ে ভিডিও হলে দেখেছি পাড়ার দাদার সাথে। যদিও তখনো হাগুকে পটি বলা চালু হযনি গাঁয়ে। তখনো অনেকটাই ব্ল্যাক এন্ড হোয়াইট হাবভাব। চুমু চামাটি তো দূর কি বাত্,হাত ধরতেই পুরো সিনেমা কাবার। বেঞ্চে আঁচড় কেটে আর পেচ্ছাপখানার দেয়ালে এ প্লাস বি লেখার সাহসী রোমিও মার্কা ছেলের আমদানি হয়েছে দুএকটা। তখনো বাবু,সোনা,জানু,সুইটি,হানি,বেবি বলার নেকু প্রেম শুরু হয়নি। হাতে পিন ফুটিয়ে রক্ত দিয়ে কেউ কেউ প্রেমিকার নাম লেখার দুঃসাহস দেখিয়েছে ঠিকই।  কিন্তু প্রত্যাখানে মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়েনি বা নিজে সিলিং থেকে ফাঁস লাগিয়ে ঝুলেনি। লাভার শব্দটাই তখনো মুখে মুখে ফেনেনি। তখনো খুল্লমখুল্লা শরীর মাপামাপি চালু হয়নি।চিঠি লেখা,গ্রিটিংস দেওয়া ঘোর অপরাধ বলে গন্য হতো। তবে প্রেমে বিনে গতি নাই ভুবনে বলেই,তখনো প্রেম ছিল জবরদস্ত। প্রেম থেকে যায়। অনন্ত। অনিঃশেষ। 

সবেমাত্র ক্লাস সিক্স। বুকে খানিকটা সাহস জোগাড়পাতি করেছি। নিউ ইয়ার ভেঁপু বাজাচ্ছে মনের বারান্দায়। ঘুমের ভিতর উড়ে বেড়াচ্ছে নীল সাদা স্কার্টের পজ্জাপতি! মাঝেমধ্যেই টের পাচ্ছি মিহি কেওকারপিনের খুশবু। পয়সা বাঁচিয়ে গোলাপ আঁকা গ্রিটিং কার্ড কিনলুম ডাব্লাদার দোকান থেকে। ইংরেজিতে কিসব ছাইপাঁশ লেখা। তখন মানে বোঝার মতো বিদ্যে হয়নি। একে ওকে ধরে কয়েকটা লাইনের বন্দোবস্ত করলুম। লাল কালিতে যত্নে লিখলুম--

    গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা 

    তোকে না দেখতে পেলে মনে লাগে ব্যাথা।

 অন্যটা দেবো দেবুকে। তার জন্য লিখলুম- গাঁদাফুল হলদে, জবাফুল লাল/ তোর আমার বন্ধুত্ব থাকবে চিরকাল। পয়লা জানুয়ারি আসতে তখনো হপ্তাখানেক বাকি। ইতিমধ্যে দেবুর সাথে খাম বিনিময় হোয়ে গেছে। ওর কার্ডটা আরো সুন্দর। এত পালিশ করা চকচকে যে রোদ্দুরে পড়লে আলো ঠিকরায়। তাতে আমার দেখাদেখি দেবুও কবিত্ব ফলিয়েছে-- রান্নাতে দেয় লঙ্কা হলুদ আর নুন জিরা/ ইস্কুল যেতে ভাল লাগে না তোকে ছাড়া। কথাটা মিথ্যে না। তবে আজকাল কেওকারপিনের জন্যও মন কেমন করে। ওই মনকেমনের স্নিগ্ধ সৌরভটুকু না পেলে দিনটা ভাল কাটতো না মোটেই। কিন্তু গ্রিটিংস কার্ড কিভাবে দেব থই পাচ্ছি না। শেষমেশ দোতালার সিঁড়ি যেখানটায় বাঁক নিয়েছে, সেখানটায় ছুটির তাল বুঝে হাতে গুঁজে দিয়েই ছুট্।

পরের দিন দুরুদুরু বক্ষে স্কুলে হাজির। সেদিন আবার দেবু বেপাত্তা। চারিদিক যেন থম্ মেরে আছে। ক্লাসময় চোখ কয়েকবার চরকিপাক দিয়েও কেওকারপিনের হদিশ পেল না।শীতেও ভেতরে গরম টের পাচ্ছি। প্রেয়ারের পর ডাক পড়লো কমনরুমে। কাঠগড়ায় তখন দাঁড়িয়ে আছি লেধুস মাছের মতো মুখ করে। টেবিলের উপর সেই গোলাপ আঁকা গ্রিটিংস কার্ড। সালিশিসভা শুরু। শান্তিবাবু চোখ নাচিয়ে কবিতাখানা পড়েই বল্লেন-- 'ছন্দ মিলের কি ছিরিছাঁদ!  কাঁটার সাথে ব্যাথা! ব্যাটা কালিদাসের খুনি!ওটা হবে গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা/ তুমি একটি আস্ত পাঁঠা'।

পাশ থেকে দ্বিজেনবাবুর যোগদান-- 'ওর কানের নীচে চাঁটা'

সঙ্গে সঙ্গে পুলিনবাবুর হুকুম-- 'ওর বাবাকে ডেকে পাঠা'।

কমনরুম তখন হাসিকলরব ভরা কবিতার অন্ত্যাক্ষরিতে সরগরম। এদিকে হাতপায়ের কাঁপুনি রিখটার স্কেলে নয়- দশ ছাপিয়ে গেছে। চোখের জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।আরেকটু হলেই হড়পা বান নিশ্চিত। অম্নি দেবদূতের মতো হাস্যময় অশোকবাবু হাজির হয়ে শাস্তি মকুব করে দিলেন।এদিকে স্কুলময় চাউর হোয়ে গেছে গ্রিটিংস কান্ড। পরে বাড়ি পর্যন্ত অপরাধের সংবাদ পৌঁছায়।লজ্জায় স্কুল যেতে পারিনি কদিন। সেই থেকে আর কথা হয়নি কেওকারপিনের সাথে। তারপর 'আমার গল্পটি ফুরোলো নটে গাছটি মুড়োলো'!  তারও পর গ্রিটিংসও দিতে পারিনি সাহস করে আর কাউকে।

নিউ ইয়ার আসে, আবার সময় মেনে সে চলেও যায়। শুধু বুকের ভাঁজে যত্নে রাখা থাকে গোলাপ আঁকা গ্রিটিংস কার্ড ! চোখ বুজলে ভেসে ওঠে একটা নরম মুখ! পাতলা ঠোঁটে বট ফলের মতো রক্তিম আভা! কিশোরী চোখের চাহুনিতে যেন একটা মায়াময় নীল সমুদ্র! কষ্ট লাগে,কষ্ট লাগে! কার্ডের ভিতরে ওই যে হার্ট সেপ,ওতেই যেন সব উষ্ণতাটুকু উজাড় করে দেওয়া থাকে। ভাঙাচোরা ছন্দের বাঁধনে হৃদয় নিঙড়ানো আবেগ মাখা থাকে। মুঠোযন্ত্রের দৌত্যকর্মে সেই ওম্ পাওয়া দুষ্কর। স্মৃতি তাই দীর্ঘ ইন্টারভেল এর পরেও শোনায় ভাঙাচোরা সেই ছন্দতান--গোলাপফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা/ তোকে না দেখতে পেলে মনে লাগে ব্যাথা।

কমনরুম জানবেনা কোনদিন আজও একলা বিকেলে মনপবনে স্নিগ্ধতা ছড়ায় কেওকারপিনের সৌরভ।

                 ……………. 


আমার রাইকে

পার্থপ্রতিম গোস্বামী 



আমি এখন তোমার দিকে ছুটে চলেছি, তোমার থেকে দূরে। এ কেমন ছুটে চলা কে জানে, সব পথই মনে হয় গিয়ে পৌঁছোয় তোমার মনের দরজায়। যে দরজায় কড়া নাড়তে হয় না, মনে মনে ডাক দিলেই চলে। তবু আমি ছুটে চলেছি,সরষে ক্ষেতের পাশ দিয়ে, শাল গাছের পাশ দিয়ে, নক্ষত্রের পাশ দিয়ে। এইমাত্র একটি হরিনী রাস্তা পার হলো, তার পিছু পিছু একটা হরিণ। গাছের ডালে একটি পাখি গিয়ে বসলো আর একটা পাখির পাশে। ওদের কারুর হাত নেই, ওরা মনে মনে হাত ধরে থাকে। 

কখনও মনে হয় জন্মান্তরে আছি, আর তোমাকে ডাক দিচ্ছি, ওগো রাই। এসো। তুমি কি করে খবর পাও কে জানে। জন্মান্তর থেকে সাড়া দিয়ে ওঠো। আমি স্পষ্ট শুনতে পাই পাখির গানে, বাতাসে পাতা কাঁপার শব্দে বেজে ওঠে তোমার পায়ের আহ্লাদ। তুমি জড়িয়ে ধরে আমাকে। 

যাইহোক, আজ নতুন বছরের প্রথম দিন। আমি তো চাইবোই তুমি খুব ভালো থাকো,সারাবছর তোমার খুব ভালো কাটুক। ভালোবাসার কথা আর কি বলি, তার জন্য চোখ আছে, আছে হৃদয়, যারা কখনও মুখের মতো মিথ্যে বলতে পারে না। আমি আছি তোমার পাশে, তোমার হয়ে। তুমিও থেকো কিন্তু, জন্মজন্মান্তর। 

  অনেক শুভেচ্ছা ও ভালোবাসায় ভরানো। 

তোমার সোনাই

.......................


                         

ফেলে আসা রঙিন গ্ৰিটিংস

সোনালী মিত্র



জীবনের কিছু স্মৃতিকে মন থেকে কখনোই ফেলে দিতে পারিনি। বেলা শেষে আজো সেই মধুর স্মৃতি সুখের ঘরে উঁকি মারে। স্কুল জীবনের কথাই বলবো কারন তখন মন ছিলো ফুরফুরে রঙ্গিন প্রজাপতি। কতো কথা কতো গল্প ঝর্ণার মতো দুরন্ত গতিতে চলতো। বছর শেষ হবার আগেই বন্ধুরা সবাই মিলে প্রতিযোগিতার আসরে নেমে কে কতোটা উৎকৃষ্টমানের উপহার স্বরূপ গ্ৰিটিংস কার্ড  বানাবো ও একে অপরকে দেবো। এই ব্যাপারে মাও কিছুটা সাহায্য করতেন। বাবার আলমারিতে মজুত থাকতো সবরকম পড়াশোনার প্রয়োজনীয় জিনিষ। যেমন খাতা পেন ব্লটিং পেপার পেনসিল। আমরা যখন স্কুলে পড়েছি সেসময় দোয়াত কলমের প্রচলোনটাই বেশী ছিল যার জন্য ব্লটিং পেপারের দরকার হোতো। পরবর্তী সময়ে পেন এর ব্যবহার এসেছিল সেটা মনে হয় নাইন থেকে। যাইহোক যে স্মৃতি আজো অমলিন সেটি হোলো ঐ ব্লটিং পেপার মা বাবার আলমারি থেকে বের করে কাঁচি দিয়ে বেশ সুন্দর করে কখনো পানের মতো কখনো ফুলের মতো করে কেটে দিতেন তারপরের কাজ আমার  ছিলো। সেটিকে সুন্দর করে রঙপেন্সিল দিয়ে ফুল প্রজাপতি নানান ধরনের ছবি এঁকে চুমকি বসিয়ে একটা কার্ড তৈরি করতাম। এবার কে কতো সুন্দর করে বন্ধুকে ও ক্লাস দিদিমণি কে লিখে দিতে পারবে তার ও প্রতিযোগিতা চলতো। তখন তো আর এতো লেখার দখল ছিলোনা এ ব্যাপারে বড়দের সাহায্য নিতাম। দাদার হাতের লেখাও খুব সুন্দর ছিলো, বেশ সুন্দর করে লিখে দিতো। এবার স্কুল তো বন্ধ থাকতো বড়োদিনের, দু তারিখের প্রতীক্ষায় থাকা। দু তারিখেও বন্ধুদের মধ্য একটা প্রতিযোগিতার আসর বসে যেতো কে সবার আগে ক্লাস দিদিমণি কে নতুন বছরের কার্ড টি হাতে তুলে দেবে। আর দিদিমণি কার কার্ডের লেখা সবচাইতে সুন্দর হয়েছে শোনার জন্য মনের ভিতর ছটফটানি শুরু হতো কিন্তু কোনোদিন ই দিদিমণি বিশেষ কারোর নাম বলেন নি সবার কার্ড ও লেখার খুব প্রশংসা করতেন আর সকলকে লজেন্স (দুধ লজেন্স) দিতেন। বছর শেষের অপেক্ষা শেষ হয়তো বছরের প্রথম দিনের স্কুল ক্লাস রুমে। তারপরে খুব প্রিয় বন্ধুদের দেওয়া।বালিকা বেলা কিশোরী বেলা রোদ ঝলমলে সজীব দিন যখন কুমারী মনকে স্পর্শ করলো তখন সেখানে একটা দেওয়াল তৈরি হয়ে গেছে খুব অসতর্কে। বুঝতে পারিনি সেখানে একটি শ্রেনীবিভাগ তৈরি হয়ে গিয়েছে। সেই ফুরফুরে মনটা উধাও হয়েছে কলেজের চৌকাঠে এসে। 

খুব মিস করি আজো সেই ক্লাস রুমের গ্ৰিটিংসকে খুব ফিরে যেতে ইচ্ছে করে ব্লটিংপেপারের ওপর নিজের হাতের আঁকা ফুল প্রজাপতি কে।লাল নীল সবুজ পেন্সিল এর আঁকায় ভরে ওঠা সেই নতুন বছরের গ্ৰিটিংস কে। 

                   ……………… 



লুকোনো ভালোবাসা

প্রিয়াঙ্কা মজুমদার



সংযুক্তা ব্যালকনিতে বসে কফি খাচ্ছে, হালকা শীতের রোদ সাথে মিষ্টি সকালের মৃদু হাওয়া সুজাতার মন কে আরো তাজা করে দিচ্ছিল। ক্যানভাস,রং ,তুলি জল কত কিছুই না আয়োজন। আজ বানাতে বসেছে সে তার হাতে আঁকা গ্রিটিংস কার্ড। কোন আল্পনা কোন কারুকাজে কোথায় পুথি এবং চুমকি বসাবে এসব ভাবছিল আর নিজের মনেই হাসছিল সংযুক্তা। এর আগে অনেক এরকম কাজ করেছে সে,কিন্তু এটা তার খুবই বিশেষ গ্রিটিংস কার্ড। অতন্ত্য প্রিয় একজন সত্যিকারের ভালো মানুষের জন্য বানানো।

সংযুক্তা জানেনা যে সেই মানুষটার মনে কি আছে,কিন্তু তার সম্পর্কে যে ওই মানুষটার ভালো মানসিকতা আছে তা সংযুক্তা বুঝেছিল হোয়াটসঅ্যাপে এ দু একবার তার নিজস্ব লেখা পাঠিয়ে।

অনেক বছর তা প্রায় বছর চারেক আগে সে ওই ভালমনের মানুষ টাকে দেখেছিল একটি অনুষ্ঠানে। মঞ্চের চেয়ারে বসেছিলেন অনেক গুণী জনের সাথে। বক্তৃতা দেওয়ার সময় কিছু কথা। এমন বলেছিলেন যা সংযুক্তার বেশ ভালো লেগেছিলো।উনি একটি স্কুলের শিক্ষক।সমাজ কল্যাণকর বিভিন্ন ভালো কাজে যুক্ত। যখন বেরিয়ে যাচ্ছিলেন সকলে হাতে বই দিচ্ছিলেন। সংযুক্তা ধীর পায়ে এগিয়ে গিয়েছিল , ডায়েরী টা এগিয়ে দিয়ে বলেছিল একটা সই দেবেন।

সংযুক্তা র মুখের দিকে চেয়ে হাত থেকে ডায়েরী টা নিয়ে সই করে দিয়েছিলেন। সাথে দিয়েছিলেন ফোন নম্বর।

একটি  অনুষ্ঠান থেকে সংযুক্তা ডাক পেয়েছ। ঐ কার্ডেই রয়েছে আবার সেই শিক্ষকের নাম প্রধান অতিথি হিসেবে।

 

দেখেই বুক ধড়পড় সংযুক্তা।একটা সুখানুভূতির ঠান্ডা বাতাস যেনো বুকের গভীরে বয়ে গেলো।


ভাবনার  জলআল্পনায় সংযুক্তা ভাসতে ভাসতে অনন্য সুন্দর একটি গ্রিটিংস কার্ড বানালো তার প্রিয়জনের জন্য।

ভেতরে লিখে দিল পরম যত্নে সুপ্রিয়কে দিলাম

নক্সী কাঁথার নক্সার মাঝে হৃদয় আমার, মনের সাথে মনের সেতু বন্ধন হোক চিরন্তনী। 

শুধু তোমার সংযুক্তা।

                     ………………… 



সম্পাদক - দুঃখানন্দ মণ্ডল
সহ সম্পাদক - শ্রীজিৎ জানা

প্রচ্ছদ - মঞ্জুরী হেমব্রম

ঠিকানা -সুরতপুর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ৭২১২১১
কথা - 9434453614


পশ্চিম মেদিনীপুরের গাজন ও গাজন মেলা - পর্ব ১০

  গ্রামীণ গাজন উৎসব, দাসপুর ২ বঙ্কিম মাজী  বাংলায় গাজন উৎসব শব্দের অর্থ গ্রামের জনসাধারণের উৎসব। এই উৎসবে যারা অংশগ্রহণ করেন আমাদের গ্রামীণ...